সিটিনিউজবিডি : গাজীপুর সিটি করপোরেশনের হারিনাল এলাকায় সন্দেহজনক একটি জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে দুজন নিহত হয়েছেন।
শনিবার ভোরে হারিনালে র্যাবের এই অভিযান চলার মধ্যে আধা কিলোমিটারের মধ্যে নোয়াগাঁওয়ের আফারখোলা পাতারটেক এলাকায় আরেকটি আস্তানায় অভিযান শুরু করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
হারিনাল পশ্চিমপাড়া লেবুবাজার এলাকার আতাউর রহমানের একতলা বাড়িতে পুলিশের সহায়তায় অভিযান শুরু হয় বলে র্যাব-১-এর উপ-অধিনায়ক কাজী মো. সোয়াইব জানিয়েছেন।
সেখানে দুজন নিহত হওয়ার খবর বেলা সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেন র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ২৫-২৬ বছর বলে র্যাব-১ এর উপ-পরিচালক মহিউল ইসলাম জানিয়েছেন।
র্যাব কর্মকর্তা সোয়াইব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে এই জঙ্গি আস্তানায় অভিযান শুরু করা হয়।
অন্যদিকে বেলা পৌনে ১১টার দিকে পাতারটেক এলাকায় আরও একটি অভিযান শুরু হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছে কাউন্টার টেররিজম ইউনিট।
জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান রেজা বলেন, হারিনাল থেকে আধা কিলোমিটার পূর্ব দিকে আফারখোলা পাতারটেক এলাকায় কলেজ শিক্ষক ওসমান আলীর দোতলা বাড়িতে অভিযান শুরু হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন বলেন, নিউ জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশ অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।
বেলা ১২টার দিকে সেখান থেকে গোলাগুলির শব্দ আসতে শুরু করে।
ঘটনাস্থলে উপস্থিত গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন-অর রশিদ সাংবাদিকদের বলেন, এখানে কতজন জঙ্গি আছে, এখনও বলা যাচ্ছে না। অভিযান শেষে বোঝা যাবে।
গুলশান ও শোলাকিয়ায় হামলার পর ঢাকা, নারায়ণগঞ্জে কয়েকটি জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হন।
