খেলাধুলা : বিশ্বসেরা স্ট্রাইকারদের মধ্যে জায়গা করে নিলেন ফুটবলের ক্ষুদে যাদুকর লিওনেল মেসি! তবে এটি কোনো অফিসিয়াল তালিকা নয়। ইতালির ক্লাব রোমার তারকা ডিফেন্ডার কোস্টাস মানোলাসের তৈরি বিশ্বসেরা স্ট্রাইকারদের তালিকা এটা, যাতে রোনালদোই আছেন চার নম্বরে।
বিশ্বের সেরা স্ট্রাইকারদের মুখোমুখি হওয়া মানোলাস জানান, ‘মেসি সেরা স্ট্রাইকার, তবে বিশ্বসেরাদের তালিকায় আমি তাকে পাঁচ নম্বরেই রাখবো। কারণ, তার বিপক্ষে খেলতে গিয়ে আমাকে কোনো সমস্যায় পড়তে হয়নি। তাকে মার্ক করা খুব সহজ মনে হয়েছে। কিন্তু মেসির গতি অসাধারণ। গোলমুখে সে খুব দ্রুতগতিতে প্রবেশ করতে সক্ষম।
রোমার এই তারকা আরো বলেন, মেসির দেয়া পাসগুলো চমৎকার। তার শট নেয়ার টাইমিংও দারুণ। আমরা যদি তার সতীর্থদের মার্কিংয়ে রাখতে না পারি তবে, মেসি তাদের দিয়ে গোল করাবেই। তারপরও আমি মেসিকে সেরা স্ট্রাইকারদের তালিকায় ভয়ঙ্কর রূপে দেখছি না। তাকে পাঁচ নম্বরে রাখতে হচ্ছে।
মানোলাস তার এই তালিকায় এক নম্বরে রেখেছেন সুইডিশ তারকা গোলমেশিন জ্লাতান ইব্রাহিমোভিচকে। আর দুই নম্বরে রেখেছেন বার্সায় মেসির সতির্থ উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজকে। সেরা স্ট্রাইকারদের তালিকায় তিন নম্বরে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা, আর চার নম্বরে রিয়ালের প্রাণভোমরা পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।
মানোলাস তার তালিকায় শীর্ষে রাখা ইব্রা প্রসঙ্গে জানান, ‘ইব্রা প্রকৃতিপ্রদত্ত ক্ষমতা পেয়েছে। আপনি কখনোই তাকে স্বাভাবিকভাবে থামিয়ে রাখতে পারবেন না। কারণ, সে সত্যিই বিশেষ ধরনের স্ট্রাইকার। আমার দেখা সবথেকে কঠিন স্ট্রাইকার ইব্রা, যাকে রুখে দেয়া অসম্ভব। সে জানে কিভাবে প্রতিপক্ষের জালে বল জড়াতে হয়।’
