সিটিনিউজবিডি : সেলফি তুলতে গিয়ে পদ্মা নদীতে পড়ে ঢাকার কবি নজরুল কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র রাকিবুল হাসান (১৭) মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ৩ নং ফেরিঘাট সংলগ্ন পদ্মায় এ ঘটনা ঘটে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, রাকিবুল ও তার পাঁচ বন্ধু মঙ্গলবার শিমুলিয়া ঘাটে বেড়াতে আসেন। এ সময় তারা ৩ নম্বর ঘাট সংলগ্ন পদ্মার পাড়ে সেলফি তুলছিলেন। হঠাৎ রাকিবুল পা ফসকে পদ্মা নদীতে তলিয়ে যায়। স্থানীয়রা পদ্মায় খোঁজাখুজি করে তাকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাকিবুলের লাশ উদ্ধার করে।
রাকিবুল হাসান ঢাকার ২৬৩/৩ লালবাগের ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের পুত্র। তাদের গ্রামের বাড়ি জাজিরা উপজেলায় বলে জানা গেছে। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তানান্তর করা হয়েছে।
