ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাবে বৃষ্টি ঝরছে

0

সিটিনিউজবিডি : পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ সামান্য পশ্চিম, দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এদিকে রাজধানীতে খুব সকালে বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। সকালে বৃষ্টির কারণে যানবাহন না পাওয়ায় দুর্ভোগে পড়েন তারা।

আবহাওয়াবিদরা বলছেন, শুরু থেকেই বিচিত্র আচরণ করতে থাকা এই ঘূর্ণিঝড় দক্ষিণ পশ্চিমে সরে গিয়ে শুক্র বা শনিবার নাগাদ অন্ধ্র উপকূলের কাছকাছি পৌঁছাতে পারে।

উপকূলে আঘাত হানার আগেই ঝড়টি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা থাকলেও এর প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও উড়িষ‌্যা রাজ‌্যের উপকূলে এবং পশ্চিমবঙ্গের কলকাতা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার দাপট চলতে পারে আগামী দুদিন।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের ঝড় পূর্বাভাস বিভাগের প্রধান এম মহাপাত্রের বরাত দিয়ে দি হিন্দু লিখেছে, এই ঘূর্ণিঝড়টির উপকূলে আঘাত হানার সম্ভাবনা কম।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টায় ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শও রয়েছে।

বুধবার ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কয়েক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এসময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.