বিনোদন : আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের আয়োজনে এক মাস মেয়াদি ‘২য় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্স’। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে অবস্হিত বিসিটআইয়ের অস্হায়ী কর্যালয়ে অনুষ্ঠিতব্য এ কোর্সে অভিনয়জগতের দিকপাল অভিনেতা ও প্রশিক্ষকগণ তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দিবেন। বয়স অনূর্ধ্ব ৪০ বছর।
এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি ১৩ নভেম্বরের মধ্যে www.bcti.gov.bd ওয়েবসাইটে ভর্তি ফরম পূরণ করে আবেদনপত্র পাঠাতে পারবেন। তবে সরাসরি ডাকযোগে আবেদন গ্রহণযোগ্য নয়।
কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবার পর মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে দু’কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিত্ব ও চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
প্রার্থী বাছাই পরীক্ষা আগামী ১৫ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র বিসিটিআইয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আনতে হবে। নির্বাচিত হওয়ার পর প্রধান নির্বাহী, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের অনুকূলে পাঁচ হাজার টাকা প্রশিক্ষণ ফি ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
