নিজস্ব প্রতিনিধি : টিউশনি শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মোজাহিদ হাসান প্রাঞ্জল (২৪) নামের এক শিক্ষার্থী। গত শুক্রবার (৪ নভেম্বর) রাত নয়টার দিকে বাকলিয়া থানাধীন সবুজবাগ আবাসিক এলাকার ফুলতলা সড়কে হক ভিলার সামনে এ ঘটনা ঘটে।
আহত মোজাহিদ নগরীর সবুজবাগ আবাসিক এলাকার মাস্টার আলী আহমদ চৌধুরী ছেলে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী তিনি।
আহত মোজাহিদের ভাই পিয়াল জানান, মোজাহিদ শুক্রবার রাত নয়টার দিকে টিউশনি শেষে বাসায় ফেরার পথে ৪/৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে। এরপর তার কাছে মোবাইল চাইলে সে দিতে অপরাগতা প্রকাশ করে। এসময় ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে মোবাইল হাতিয়ে পালিয়ে যায়। ছুরিকাঘাতে তার পেটে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তার অপারেশনের পরামর্শ দেন। শনিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর প্রিমিয়ার হাসপাতালে মোজাহিদের অপারেশন করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বলেন, এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি। মেরন সান স্কুলের আশপাশে আমাদের টহল পুলিশ দায়িত্বে থাকে। ছিনতাইয়ের ঘটনায় কোন অভিযোগ পেলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
