আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চবি

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) তে দুইদিন ব্যাপী আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল বিতর্ক ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) শুক্রবার ও শনিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

উপাচার্য তাঁর বক্তব্যে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিতর্ক ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখে এবং চিন্তা-চেতনাকে বিকশিত করে। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সত্য অন্বেষা এবং সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তিবাদী হওয়ার শিক্ষা লাভ করে।

উপাচার্য সিইউডিএস সদস্যদের ভবিষ্যতেও বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের আহবান জানান। পরে তিনি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সিইউডিএস’র মডারেটর প্রফেসর ড. ইমরান হোসেনের সভাপতিত্বে এবং সিইউডিএস’র সভাপতি কাজী জাওয়াদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড. মনির উদ্দিন, আইন বিভাগের সভাপতি প্রফেসর এবিএম আবু নোমান ও জেএসএস হোল্ডিংস এর এমডি মাহমুদ আলী।

জেএসএস হোল্ডিংস, ক্যাফে ৮৮ ও মিলানজে রেস্টুরেন্ট এর সহযোগিতায় এ বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আকিব ফারহান হোসেন, ফারদিন আমিন, কাওসার মাহমুদ, জুবায়ের আহমেদ ও শাদমান সিদ্দিকী। এ বিতর্ক প্রতিযোগিতায় ২৪টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রানার আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আদি শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া নবীশ বিতর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টিম-৩ চ্যাম্পিয়ন এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান রানার আপ হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.