মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : ‘যতদিন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবেনা, ততদিন পার্বত্য চট্টগ্রামে জীবনযাত্রা স্বাভাবিক হবেনা’- বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী এবং রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার।
রবিবার সকালে রাঙামাটিতে কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্যপদ লাভ করায় নিজ দলের উদ্যোগে আয়োজিত এক গণ সংবর্ধনায় দেয়া বক্তব্যে এই সব কথা বলেন তিনি।
দীপংকর তালুকদার বলেন, অবৈধ অস্ত্রধারীরা পাহাড়ের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জনরায় ছিনিয়ে নিয়েছে। সেদিন তারা অবৈধ অস্ত্রর ভয় দেখিয়ে ভোট ডাকাতি করেছিলো। আওয়ামীলীগ চাইলে ভোট ডাকাতি করতে পারতো, কিন্তু আওয়ামীলীগ ভোট ডাকাতিতে বিশ্বাস করে না। তাই ৫ জানুয়ারির নির্বাচনে রাঙামাটির এই আসনটি আমরা হারিয়েছি। কিন্তু একই কাজ সন্ত্রাসীরা বারবার করতে পারবেনা, আওয়ামীলীগের জয়ও ছিনিয়ে নিতে পারবেনা। ভবিষ্যতের যেকোন নির্বাচনে অবৈধ অস্ত্রধারীদের জনগণকে সাথে নিয়ে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
কেন্দ্রীয় আওয়ামীলীগের নব নির্বাচিত সদস্য দীপংকর তালুকদার আরো বলেন, আমরা একবার ভোটে সন্ত্রাসী বাহিনীর অস্ত্রর মুখে পড়ে হেরে গিয়েছি, তবে আগামীবার তা আর হবে না, এই আসনটি আওয়ামীলীগ বিপুল ভোটে জয় লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে।
দীপংকর তালুকদারকে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ৮১ জনের মধ্যে স্থান দেওয়ায় তিনি বলেন, প্রধানমন্ত্রী দীপংকরকে মূল্যায়ন করে এই পদ দেন নি বরং রাঙামাটির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মূল্যায়ন করে তাকে প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে। আওয়ামীলীগ নেতাদের সংগঠন নয়, এটি সকল কর্মীবৃন্দের সংগঠন। তাই আওয়ামীলীগ বারবার সংগঠনের কর্মীদের মূল্যায়ন করেন।
এদিন সমাবেশে আসা লোকজনকে বাধা দেয়ার অভিযোগ করে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে একই কাজ করলে প্রতিহত করা হবে।
জেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী কামালউদ্দিনের সভাপতিত্বে গণসংবর্ধনায় আরো বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।
রাঙামাটি শহরের জিমনেসিয়াম চত্বরে আয়োজিত এই সংবর্ধনায় জেলার বিভিন্ন উপজেলা থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এতে প্রায় দশহাজার মানুষ অংশ নেন বলে জানিয়েছেন আওয়ামীলীগের নেতারা।
এদিকে রাঙামাটি আসার সময় কেন্দ্রীয় আওয়ামীলীগের নব নির্বাচিত সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে শহরের প্রবেশ মূখ থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে রাঙামাটি শহরে আনা হয়, পরে তিনি রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে দীপংকর তালুকদারকে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে একটি নৌকা প্রতিক স্মারক উপহার দেওয়া হয়, এছাড়া আওয়ামীলীগের বিভিন্ন সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
