অনলাইন ডেক্স : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার উত্তর প্রদেশের গাজিপুরে ‘পরিবর্তন শোভাযাত্রায়’ ভাষণ দেন। এ দিনও তার গোটা বক্তব্য জুড়ে ছিল নোট বদলের কথা। তিনি বলেন- ৫শ ও হাজার রুপির নোট বাতিল করায় অনেক রাজনৈতিক দল ভয়ের মধ্যে আছে। খবর আনন্দবাজার পত্রিকার।
তিনি বলেন, আমার সৌভাগ্য আমি আরো এক বার দেশবাসীর থেকে আশীর্বাদ পাচ্ছি। ২০১৪ সালে আমার উপর আস্থা রাখার আবেদন জানিয়েছিলাম। আজ ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুর জন্ম বার্ষিকী। উত্তর প্রদেশ ভারত বর্ষকে অনেক প্রধানমন্ত্রীই দিয়েছে। আমি জেনে বুঝেই ১৪ নভেম্বর এখানে এসেছি। পণ্ডিত নেহরু যা চেয়েছিলেন, তা পূর্ণ করতে যারা কোনো কাজ করেননি তাদের মুখোশ খুলতে চাই। পণ্ডিত নেহরুকে এর থেকে ভাল ভাবে শ্রদ্ধা জানানো যেত না।
ভারতে অর্থের কোনো অভাব নেই; কিন্তু জানা নেই কোথায় টাকাগুলো রাখা রয়েছে। পাঁচশ, হাজার টাকার নোট বাতিল করে আমি সেই কাজই কি করছি না যার দায়িত্ব আমার উপর আপনারা সঁপেছিলেন? এখন অসত্ মানুষগুলো কোথায় পালাবে? আপনি যখন কোনো ভাল কাজ করবেন, তখন আপনার সামনে বাধা আসবেই। নোট বাতিল নিয়ে অনেকগুলি দল ভীষণ ভয়ে রয়েছে। এখন তারা কী করবেন, যারা টাকা দিয়ে মালা বানিয়ে পরতেন? ওই টাকা তো দেশবাসীর।
মোদী বলেন, আমি দুর্নীতি বন্ধ করতে চাই। আমি প্রত্যেকটি বাড়িতে গিয়ে তল্লাশি চালাতে পারব না। তাই আমি সেই সব টাকাকে সাদা কাগজ বানিয়ে দিয়েছি। সেই জন্যই আমি দিবানিদ্রা ত্যাগ করে মানুষের স্বার্থে কাজ করে চলেছি। গোটা দেশের অর্থনীতিকে ভেঙে ফেলতে কালো টাকা ব্যবহার করা হয়েছিল। আমরা কি সেই কালো টাকা দেশ থেকে হটিয়ে ফেলতে পারি না? আমি দেশের গরিব মানুষের টাকা লুট করতে দেব না।
মোদী বলেন, আমি দেশের মানুষের কাছ থেকে ৫০ দিন সময় চেয়ে নিয়েছি। গরিব মানুষ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ধনীরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। ক্ষমতায় থাকার জন্য কংগ্রেস গোটা দেশকে ১৯ মাস জেলখানা বানিয়ে রেখেছিল। আমি আপনাদের কাছ থেকে মাত্র ৫০ দিন চেয়ে নিচ্ছি। কংগ্রেস কীভাবে আমার দিকে দুর্নীতির আঙুল তুলছে, যেখানে ওই দলের প্রায় সব নেতাই দুর্নীতিগ্রস্ত।
