বিনোদন : ভারতের উত্তর প্রদেশ বিধানসভার আসন্ন নির্বাচনে অংশ নিবেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) প্রার্থী মায়াবতীর বিপক্ষে রাখি এ নির্বাচনে অংশ নিবেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রতিবেদনে জানানো হয়েছে, বিজেপি’র জোটসঙ্গী দল রিপাবলিকান পার্টির হয়ে আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে অংশ নিবেন রাখি।
এ প্রসঙ্গে রামদাস পাল বলেন, ‘উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে আমার দল প্রতিদ্বন্দ্বিতা করবে। যদি মায়াবতী ভোটে অংশ নেয় তবে আমরা প্রার্থী দিব। সেক্ষেত্রে দলের প্রার্থী হবেন রাখি সাওয়ান্ত।’
তিনি আরো জানান, রাখি সাওয়ান্ত তার দলের মহিলা সংগঠনের প্রধান। বিজেপি’র সঙ্গে জোট করে মায়াবতীকে হারাতে আগ্রহী রামদাস। তবে জোট না হলেও মায়াকে হারাতে রাখিকেই প্রার্থী করবেন বলেও জানান তিনি।
২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে দল গঠন করেছিলেন রাখি। দলের নাম দিয়েছিলেন রাষ্ট্রীয় আম পার্টি। এ দলের হয়ে কাঁচা মরিচ মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। সেবার মাত্র শ’খানেক ভোট পেয়েছিলেন রাখি।
