আন্তর্জাতিক : কিউবার সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিস্ট বিপ্লবের কিংবদন্তী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে নয়দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ২৫ নভেম্বর শুক্রবার ৯০ বছর বয়সে এ নেতা মারা গেছেন। ফিদেলের ভাই এবং বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোই তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ নেতা কয়েক বছর ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
শোক পালনের অংশ হিসেবে পূর্ব নির্ধারিত সব ধরনের সরকারি অনুষ্ঠান ও কর্মসূচি বাতিল করা হয়েছে। সরকারি ও সামরিক ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। টেলিভিশন ও রেডিওতে এ বিষয়ে বিশেষ বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। উল্লেখ্য, ৪ ডিসেম্বর সান্তিয়াগো ডে কিউবাতে তাকে সমাহিত করা হবে।
বিপ্লবী এ নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতারা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, মেক্সিকান প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো, ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বনেতাদের অনেকে শোক জানিয়ে টুইট করেছেন। ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
