প্রয়াত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান ‍জানাবে পুলিশের বিশেষ টিম

0

সিটিনিউজবিডি : প্রয়াত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান ‍জানাতে একটি বিশেষ টিম গঠনের ঘোষণা দিয়েছে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নূর ই আলম মিনা।

সোমবার (০৫ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দিয়েছেন এসপি।
মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, প্রয়াত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান জানানোর ক্ষেত্রে অনেক পুলিশ সদস্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেন না। প্রশিক্ষিত পুলিশ সদস্যদের দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানানোর দাবি জানান মুক্তিযোদ্ধারা।
তিনি বলেন, কোন মুক্তিযোদ্ধা মারা গেলে সংশ্লিষ্ট থানা থেকে পুলিশ সদস্য গিয়ে রাষ্ট্রীয় সম্মান জানায়। থানা পুলিশের অনেক দায়িত্ব। অনেক সময় তারা এই প্রক্রিয়াটি সঠিকভাবে পালন করতে পারেন না। কিন্তু এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা কোন ধরনের অবহেলা করতে পারি না।
‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রয়াত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান জানানোর জন্য একটি চৌকস টিম আমরা গঠন করব। এই টিমে বাদক দলসহ প্রশিক্ষিত সদস্যরা থাকবেন। প্রয়াতকে দাফনের কিংবা সৎকারের কমপক্ষে তিন ঘণ্টা আগে অবহিত করা হলে জেলা পুলিশের পক্ষ থেকে সেই টিমকে পাঠানো হবে। বলেন এসপি।
তিনি বলেন, জাতীয়ভাবে বিশেষ দিন ছাড়া সাধারণত সন্ধ্যার পরে পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান দেয়া হয় না। কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য রাত-দিন কোন সময় নির্দিষ্ট করার প্রয়োজন নেই। প্রয়োজনে প্রয়াত মুক্তিযোদ্ধাদের রাতেও গিয়ে সম্মান প্রদর্শন করতে হবে।
সভায় কয়েকজন মুক্তিযোদ্ধা অভিযোগ করেন, থানায় গেলে পুলিশ কর্মকর্তারা তাদের সম্মান করেন না।
জবাবে এসপি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের কোন ধরনের অপমান, অসম্মান আমরা বরদাশত করব না। তাদের অভাব-অভিযোগ গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং বিবেচনায় নিতে হবে।
তিনি বলেন, আমরা হলাম আত্মভোলা জাতি। যে মানুষটি আমাদের একটি লাল সবুজের পতাকা দিয়েছেন, এই জাতির জন্য দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছেন, সেই বঙ্গবন্ধুকেই স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় নৃশংসভাবে সপরিবারে খুন করা হলো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.