আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় শুরু হয়েছে তিনদিনব্যাপী এশীয় দ্বিবার্ষিক চারুকলা উৎসব। মঙ্গলবার সকালে কোরীয় রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) মাঠে এর উদ্বোধন হয়। সোমবার থেকে এ ক্যাম্প হয়ে আসছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী এর আয়োজন করেছে। আর এতে সহযোগীতা করছে ইয়ংওয়ান কর্পোরেশন।
মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান, পরিবেশবিদ প্রফেসর নজরুল ইসলাম, কোরিয়ান দুতাবাসের ডেপুটি চিফ অব মিশন সামজু কোয়াক ও কেইপিজেডের প্রেসিডেন্ট জাহাঙ্গীর সাদাত।
অনুষ্ঠানে শিল্পীদের মধ্যে বক্তব্য রাখেন ভারতের শিল্পী ধীরাজ চৌধুরী, বাংলাদেশের শিল্পী সমর জিৎ রায় চৌধুরী, হাশেম খান ও রফিকুন নবী।
দুপুরে আর্ট ক্যাম্পের সমন্বয়কারী ও ইয়াংওয়ান চেয়ারম্যানের উপদেষ্টা মেহ্দী মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোরিয়ান দুতাবাসের ডেপুটি চিফ অব মিশন সামজু কোয়াক।
আর্ট ক্যাম্পে ভারতের ধীরাজ চৌধুরী, চীনের থাং চ্রিং ক্যং, জাপানের টয়োমি হোশিনো, দক্ষিণ কোরিয়ার সং ডেসুপ, শ্রীলংকার জগৎ রবীন্দ্রা, বাংলাদেশের সমর জিৎ রায় চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মাহমুদুল হক, কালিদাশ কর্মকার, আবুল বারাক আলভী, ফরিদা জামান, নাইমা হক, নাজলী লায়লা মনসুর, মোহাম্মদ ইউনুস, রোকেয়া সুলতানা, আফজাল হোসেন, মুনিরুজ্জামান ও মোহাম্মদ ইকবাল অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ আর্ট ক্যাম্পের সুবাদে নতুন বাংলাদেশ দেখবে পৃথিবীর মানুষেরা। তিনি আরো বলেন, আগামীতে পুরো পৃথিবীর শিল্পীদের নিয়ে বড় আকারের আয়োজন করা হবে।
অনুষ্ঠানের শুরুতে শিল্পীদের উত্তরীয় পড়ান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
