গোলাম সরওয়ার : সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে বিএনপি নেতাকর্মীদের দমনের কাজে ব্যবহার করছে এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
তিনি বলেছেন, পুলিশ এবং র্যাব নিরপেক্ষ আচরণ করলে ২৪ ঘন্টার মধ্যেই সরকারের পতন ঘটানো সম্ভব।
গতকাল দুপুরে পূর্ব বাকলিয়া কালা মিয়া বাজারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নোমান এসব কথা বলেন।
তিনি বলেন, প্রয়াত বিএনপি নেতা ইসমাঈল দলের একজন নিবেদিত প্রাণ ছিলেন। বিএনপি গণ মানুষের দল। দমন, পীড়ন চালিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।
পূর্ব বাকলিয়ায় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাজী মো: ইসমাঈলের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নোমান বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে বাকলিয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছিল। বর্তমান সরকার বাকলিয়ার উন্নয়নে কিছুই করেনি।
