সিটিনিউজবিডি : ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহের পুনঃময়নাতদন্ত আজ রোববার সম্পন্ন হয়েছে।
আজ বেলা তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজে এই ময়নাতদন্ত সম্পন্ন হয়। কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সোহেল মাহমুদকে প্রধান করে গঠিত তিনজনের প্রতিনিধিদল পুনঃতদন্ত করেন। বাকি দুই চিকিৎসক হলেন প্রদীপ বিশ্বাস ও কবির সোহেল।
ময়নাতদন্ত শেষে সোহেল মাহমুদ বলেন, দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা এখনই কিছু বলতে চাচ্ছি না। পুরো তদন্ত শেষে বলা যাবে। যেখানে লাশ পাওয়া গিয়েছিল, সেখানে আমরা যাব। সেখানেও তদন্ত করা হবে। এ ছাড়া তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও আমরা কথা বলব।
তিনি জানান, মরদেহ থেকে নেওয়া নমুনা (দাঁত, ভিসেরা, নেক টিস্যু) পরীক্ষা করা হবে।
আদালতের নির্দেশে পুনঃ ময়নাতদন্তের জন্য গতকাল শনিবার কবর থেকে তোলা হয় দিয়াজের লাশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি তোলা হয়। পরে লাশ নিয়ে ঢাকায় আসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।
দিয়াজের মরদেহের প্রথম ময়নাতদন্ত হয় গত ২১ নভেম্বর। ২৩ নভেম্বর পুলিশ জানায়, দিয়াজকে হত্যা করা হয়েছে—এমন আলামত ময়নাতদন্ত প্রতিবেদনে মেলেনি। তিনি আত্মহত্যা করেছেন বলে মত দিয়েছেন চিকিৎসকেরা। ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দিয়াজের পরিবারসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ। তারা বলে, লাশের সুরতহাল প্রতিবেদনের সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনের কোনও মিল নেই।
