জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ১২৪

0

সিটিনিউজবিডি : আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৩৯ জেলায় ভোটযুদ্ধে লড়বেন ১২৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী।

সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার ছিল নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। যাচাই-বাছাই শেষে ৬১ জেলার মধ্যে ২২ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৩৯ জেলায় ১২৪ জন প্রার্থী লড়াই করবেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন চট্টগ্রামে এম এ সালাম, নারায়ণগঞ্জে আনোয়ার হোসেন, গাজীপুরে মো. আখতারুজ্জামান, ঠাকুরগাঁওয়ে সাদেক কোরাইশী, জয়পুরহাটে আরিফুর রহমান রকেট, নাটোরে সাজেদুর রহমান খাঁন, সিরাজগঞ্জে আব্দুল লতিফ বিশ্বাস, যশোরে শাহ হাদিউজ্জামান, বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, ঝালকাঠিতে সরদার শাহ আলম, ভোলায় আব্দুল মোমিন টুলু, নেত্রকোনায় প্রশান্ত কুমার রায়, মুন্সীগঞ্জে মো. মহিউদ্দিন, দিনাজপুরে আজিজুল ইমাম চৌধুরী, নওগাঁয় এ কে এম ফজলে রাব্বি, কুষ্টিয়ায় রবিউল ইসলাম, ফেনীতে আজিজ আহমেদ চৌধুরী, কিশোরগঞ্জে মো. জিল্লুর রহমান, ঢাকায় মো. মাহবুবুর রহমান, হবিগঞ্জে মো. মুশফিক হুসেন চৌধুরী, টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক ও ফরিদপুরে মো. লোকমান মৃধা।

সাধারণ সদস্য পদে ২৯৮৫ জন ও সংরক্ষিত (নারী) সদস্য পদে ৮০৫ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সাধারণ সদস্য ১৩৯ ও সংরক্ষিত সদস্য পদে ৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রত্যেক জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশনের (যদি থাকে) মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউপির চেয়ারম্যান ও সদস্যরা ভোট দেবেন।

জেলা পরিষদে মোট ভোটার রয়েছেন ৬৩ হাজার ১৪৩ জন। এর মধ্যে পুরুষ ৪৮ হাজার ৩৪৩ জন ও নারী ১৪ হাজার ৮০০ জন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.