রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় পার্টির সংলাপ শুরু

0

সিটিনিউজবিডি : নির্বাচন কমিশন গঠন এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সংলাপ শুরু হয়েছে।

জাতীয় পার্টির প্রতিনিধি দলে রয়েছেন ১৮ জন সদস্য।

এর আগে মঙ্গলবার দুপুর ২টায় জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা সমবেত হন। সেখানে থেকে আড়াইটায় তারা বঙ্গভবনের উদ্দেশ্যে রওয়ানা দেন। বিকাল সোয়া ৩টায় সংলাপ শুরু হয়।

পার্টি সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত এই সংলাপে দলের পক্ষে থেকে ৫টি প্রস্তাব তুলে ধরা হবে। প্রস্তাবগুলো হলো-সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন করা, আইনিভাবে নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে স্বাধীন রাখার বিধান রাখা, নির্বাচন কমিশনের জন্য আলাদা সচিবালয় স্থাপন করা, সংসদে আগামী অধিবেশনে এ সংক্রান্ত (এক নম্বর প্রস্তাবনা) আইন পাস করা, নির্বাচন পরিচালনায় যোগ্য ও অভিজ্ঞদের নির্বাচন কমিশনার নিয়োগ। যোগ্যতার মধ্যে বিশেষ করে তাদের অরাজনৈতিক, নিরপেক্ষ, সৎ, পেশাগত দক্ষ, শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির এই প্রতিনিধিদলে বিরোধীদলের নেতা ও পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙ্গা, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, ফখরুল ইমাম, তাজুল ইসলাম, অধ্যাপক দেলোয়ার হোসেন, মেজর (অব.) খালেদ আখতার।

সংলাপ শেষে দলীয় কার্যালয়ে ব্রিফ করার কথা রয়েছে দলটির পক্ষ থেকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.