নগরীর কোরবানীগঞ্জে মাত্র ১০ মিনিটে তালা ভেঙে মালামাল লুট
নিজস্ব প্রতিবেদক : কোরবানীগঞ্জের একটি ফ্ল্যাট বাসা থেকে স্বর্ণালংকারসহ মালামাল লুট করেছে দুর্বত্তরা। সন্ধ্যায় ২৫ নম্বর কোরবানিগঞ্জ ঠান্ডা হাজীর বিল্ডিংয়ের তৃতীয় তলার আবদুর রশিদের ফ্ল্যাটে এ লুটতরাজের ঘটনা ঘটে। মাত্র ১০ মিনিটের মধ্যে দুর্বত্তরা সবকিছু নিয়ে চম্পট দেয়।
জানা যায়, ঠান্ডা হাজীর বিল্ডিংয়ের তৃতীয় তলায় দীর্ঘ ২২ বছর ধরে বসবাস করে আসছেন ব্যবসায়ী আবদুর রশিদ। রোববার সন্ধ্যা ৬ টার দিকে মাত্র ১০ মিনিটের জন্য আবদুর রশিদের স্ত্রী ফ্ল্যাটে তালা মেরে নিচে নামেন। এরই মধ্যে একদল দুর্বত্ত তালা ভেঙে বাসায় ঢুকে মালামাল লুট করে নিয়ে যায়। তারা নগদ ৫০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও ব্যবহার্য অনেক সামগ্রি নিয়ে যায়।
ব্যবসায়ী আবদুর রশিদ বলেন, আমি ব্যবসায়ীক কাজে বাইরে ছিলাম। আমার স্ত্রী সন্ধ্যা ৬ টার দিকে মাত্র ১০ মিনিটের জন্য নিচে দোকানে যায়। বাসায় ফিরে এসে দেখে, তালা ভাঙা-ভিতরে সবকিছু এলোমেলো। বাসায় রাখা নগদ ৫০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল লুট হয়ে গেছে। বিষয়টি কাউন্সিলরকে জানিয়েছি। ওনার পরামর্শক্রমে পরবর্তি যা করনীয তা করা হবে।
তিনি বলেন, দীর্ঘ ২২ বছর ধরে আমরা সাতকানিয়া পৌরসভার সাবেক মেয়রের মালিকানাধীন এ বাসায় আছি। এরমধ্যেও এ বাসার কয়েকটি ফ্ল্যাটে চুরি-ডাকাতি হয়েছে। এরপরও মালিক পক্ষ প্রতিরোধমূলক কোন ব্যবস্থা নেয়নি।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, ডাকাতির বিষয়টি আমি শুনেছি। তবে, একটি জানাযায় থাকায় আমি তাৎক্ষনিক সেখানে যেতে পারিনি। আমি সরেজমিনে গিয়ে সেটা দেখবো। তখন বিস্তারিত বলতে পারবো।
