কাপড় সেলাইয়ে ত্রুটি, প্রেমিকার কথায় দর্জিকে পিটিয়েছে প্রেমিক
সীতাকুণ্ড সংবাদদাতা : সীতাকুণ্ডে কাপড় সেলাইয়ের ত্রুটিকে কেন্দ্র করে প্রেমিকার কথায় দর্জিকে পিটিয়ে রক্তাক্ত করেছে প্রেমিক। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার দক্ষিণ ভাটিয়ারী জলিল ষ্টেশন গেইট এলাকায় মাহি ফ্যাশন টেইলার্সে কাপড় সেলাই করতে দেয় তাসপিয়া নামের এক তরুণী।
সেলাইয়ে সামান্য ত্রুটি হওয়ায় দর্জি রফিকের সাথে কথা কাটাকাটি হলে দর্জি রফিক তরুণীকে আশ্বাস্ত করেন যে তার কাপড়ের ত্রুটিটি সারিয়ে দেবে। কিন্তু তাসপিয়া বাসায় গিয়ে তার প্রেমিক যুবলীগ কর্মী সোহেল(২৬)কে ফোন করে নালিশ করলে প্রেমিক দ্রুত তার সহযোগীদের নিয়ে দর্জি রফিকের উপর অর্তকিত হামলা চালায়। হামলাকারীদের আঘাতে রফিকের মাথা ফেটে যায়।
এসময় স্থানীয় মেম্বার রিপন ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে খবর দেন। কিন্তু ঘটনাস্থলে পুলিশ পৌছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জানান, তিনি আহত রফিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
