সিডিএর মাস্টারপ্লান ভাঙলে ১০ লাখ টাকা জরিমানা

0

ঢাকা : সিডিএ’র মাস্টারপ্লানের জমি ব্যবহারে কেউ আইন ভাঙলে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আইন-২০১৬’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া আইন ভঙ্গের বিভিন্ন অপরাধে ২ শত টাকা থেকে বাড়িয়ে এখন ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে খসড়া আইনে।

আজ (২ জানুয়ারী) সোমবার সচিবালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বছরের প্রথম এবং মন্ত্রিসভার ১৩২তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভা শেষে কেবিনেট সচিব মোহাম্মদ শফিউল আলম এই আইনের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আগের আইনটি ১৯৫৯ সালে পাকিস্তান সামরিক সরকারের আমলে করা। তাই এটিকে যুগোপযোগী করে ইংরেজী থেকে বাংলায় রুপান্তর করা হয়েছে।

জরিমানা প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, চেয়ারম্যান বা অন্য কোন সদস্য দায়িত্বে বহাল থাকা অবস্থায় কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসা-বাণিজ্য এবং কোন ধরণের লেনদেন করলে অনধিক ২ বছরের কারাদণ্ড বা অনধিক ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত যদি কেউ নির্দিষ্ট কোন সীমানা প্রাচীর, দেওয়াল, সীমানা খুঁটি, বাতি, ডান্ডা শিকল বা খুঁটি ইত্যাদি অপসারণ করলে তাকে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা করা হবে। যে সমস্ত স্থাপনার জন্য চুক্তি হয়েছে, সেগুলি অপসারণে অপরাগতা করলে কাঁচা ঘরের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং পাকা দেওয়াল বা দালানের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমান করারও বিধান রাখা হয়েছে আইনে|

এছাড়া মাস্টারপ্লানের জমি ব্যবহারে কেউ আইন ভঙ্গ করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার বিধানও রাখা হয়েছে।

আইনে কর্তৃপক্ষ গঠনের ক্ষেত্রে বলা হয়েছে, সরকার কর্তৃক নিয়োগকৃত একজন চেয়ারম্যান এবং ৫ জন সার্বক্ষণিক সদস্য যথা- (১) সদস্য (প্রশাসন ও আইন), (২) সদস্য (এস্টেট ও ভূমি), (৩) সদস্য (প্রকৌশল উন্নয়ন), (৪) সদস্য (পরিকল্পনা), (৫) সদস্য (অর্থ, হিসাব, নিরীক্ষা ও বাজেট)।

এছাড়া জেলা প্রশাসকের প্রতিনিধি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজন প্রতিনিধি, গণপূর্ত অধিদফতরের প্রতিনিধিসহ ২৩ সদস্যের বোর্ড থাকবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.