জনগণের কাছে যেতে দলের নেতা-কর্মীদেরকে নির্দেশ- প্রধানমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক :  আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখনই জনগণের কাছে যেতে দলের নেতা-কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষকে বলতে হবে, সরকারের ধারাবাহিকতা না থাকলে দেশের উন্নতি হবে না।

শনিবার বিকেলে দলের ধানমন্ডিস্থ কার্যালয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে শেখ হাসিনা মত বিনিময়কালে এসব বলেন। ‘আওয়ামী লীগের কর্মীদের একটা কথা মনে সবসময় মনে রাখতে হবে। দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে হবে। এই কথা আর চিন্তাটা একজন রাজনীতিবিদের মাথায় থাকলে যে কোন সাফল্য সে আনতে পারে বলেই আমি বিশ্বাস করি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার তিন বছর পূর্ণ করে চার বছরে পা রেখেছে। তিনি বলেন, ‘আগের নির্বাচনে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার অধিকাংশই পূরণ করেছি। কোনও কোনও ক্ষেত্রে প্রতিশ্রুতির চেয়েও বেশি কাজ করেছি।

ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদেরকে সৎ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমি চাই সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে জয়ের পর পরের বছর ৮ জানুয়ারি গঠিত হয় আওয়ামী লীগ সরকার। এরপর থেকে টানা আট বছর ক্ষমতায় তারা। এই সময়ের মধ্যে খাদ্য, কৃষি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রায় সব খাতে নজিরবিহীন উন্নয়নের দাবি করছে সরকার। প্রধানমন্ত্রী বারবার বলছেন, সরকারের ধারাবাহিকতা থাকায় এটা সম্ভব হয়েছে। তিনি বলেন, এক সরকার ক্ষমতায় এসে অন্য সরকারের নেয়া প্রকল্প বাতিল করলে উন্নয়ন বিঘ্নিত হয়। এ কারণে একই সরকার টানা বেশিদিন ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। এই কথাটিই জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এতে একদিকে যেমন আমরা পরনির্ভরশীলতা কাটিয়ে উঠতে পেরেছি তেমনি অন্যান্য দেশগুলোও আমাদের এই উদ্যোগ দেখে খর-স্রোতা নদীর উপর সেতু নির্মাণে সাহসী হয়ে উঠতে পারে। আগে খর-স্রোতা নদীর ওপর অনেকেই সেতু করতে চাইত না বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। -বাসস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.