সিটিনিউজ ডেস্ক : দেশের ১৩৩ বছরের প্রাচীন বিদ্যাপীঠ কাজেম আলী স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে। গতকাল এম এ আজিজ ষ্টেডিয়াম সংলগ্ন মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭ তে এ স্বীকৃতি প্রদান করা হয়।
জানা যায়, বিগত ২০১০ সালে তৎকালীন সাংসদ, বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি’র তত্ত্বাবধানে, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, সাংসদ জিয়াউদ্দিন আহমদ বাবলু’র সার্বিক সহযোগিতায় ও পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুকের যোগ্য নেতৃত্ব, অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং পরিচালনা কমিটির সদস্যদের নিবিড় পরিচর্যায় কাজেম আলী স্কুল ক্রমে কলেজে উন্নীত হয়, অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধিত হয়।
এছাড়া সহ-শিক্ষা চালু থেকে শুরু করে ডিজিটাল ল্যাব স্থাপন, চার সহস্রাধিক বই নিয়ে লাইব্রেরী ও আধুনিক সরজ্ঞামাদি নিয়ে বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করে নগরীতে নব-দিগন্তের সূচনা করে। এখন এই শিক্ষা প্রতিষ্ঠানে ২৫০০ ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। ৪৩জন উচ্চ শিক্ষিত শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। এবারও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীতে ভর্তি হতে প্রায় দু’হাজার শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত ও মৌখিক পরীক্ষার পর ৭০০জন শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেয়া হয়েছে।
উল্লেখ্য যে, কাজেম আলী স্কুল এন্ড কলেজের ব্যাপক উৎকর্ষতা ও উন্নয়নের কারণে চট্টগ্রাম জেলা প্রশাসন গতকাল শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি দিয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমে আরো একধাপ অগ্রগতি সূচিত হল।
