স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

0

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় শ্বশুর বাড়ির জমি বিক্রির টাকার ভাগ এনে না দেয়ায় স্বামীর বিরুদ্ধে তছলিমা জন্নাত (২০) নামে গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ২৩ (জানুয়ারী) সোমবার সকালে উপজেলার হারবাং ইউনিয়নের ৭ নং ওর্য়াডের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু ওই গ্রামের অভিযুক্ত ওসমান গনির স্ত্রী।
জানাগেছে ওই এলাকার আবু তাহের মিস্ত্রীর ছেলে হাতুড়ে ডাক্তার হিসেবে পরিচিত ওসমান গণির হারবাং স্টেশনে একটি ফার্মেসি রয়েছে। ওসমান ব্যাবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করত বলে এলাকার লোকজন জানায়। মাদকাসক্ত হয়ে ঘরে ফেরার পর স্ত্রীকে প্রায়ই শারীরিক নির্যাতন চালাতো।
কয়েকদিন পূর্বে তছলিমার বাবা মাহবুব জমি বিক্রি করে। ওই জমি বিক্রির টাকার ভাগ এনে দিতে স্ত্রীকে চাপ দেয় ওসমান গণি। এনিয়ে সোমবার সকালে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে স্ত্রীকে বেধড়ক পেটায় ওসমান। এতে আহত তছলিমাকে চিকিৎসার ব্যবস্থা না করে ঘরে রেখে ওসমান বাইরে চলে যায়। বিনা চিকিৎসায় দুপুর ১টায় তছলিমা মারা যায়। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে ওসমান গা ঢাকা দিয়েছে।
এ ব্যাপারে হারবাং ফাঁড়ির পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার পর স্ত্রী মারা গেছে। হত্যার অভিযোগ উঠায় তছলিমা জান্নাতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত গা-ঢাকা দেয়ায় আটক করা সম্ভব হয়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, হত্যার ঘটনা জানিনা। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.