ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ব বিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে ছুটি ছাড়া বিদেশে অবস্থান করায় চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া গবেষণা চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় আরেক শিক্ষকের পদাবনতি হয়েছে। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বিশ্ব বিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন একাধিক সিন্ডিকেট সদস্য।
চাকরিচ্যুত শিক্ষকরা হলেন— লেদার ইঞ্জনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউটের প্রভাষক হিরা লাল পাল এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম আজম। এছাড়া অন্যের গবেষণা চুরির কারণে পদাবনতি হওয়া শিক্ষক হলেন বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের মো. আবু সায়েম।
জানা যায়, প্রভাষক হিরা লাল দীর্ঘদিন ধরে ছুটি ছাড়া বিদেশে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরিতে যোগদানের জন্য নোটিশ দেয়ার পরও তিনি কোনো সাড়া দেয়নি। এছাড়া দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম আজম বিশ্ব বিদ্যালয়কে না জানিয়ে বিদেশে চলে যান। পরে তাকে আট সপ্তাহের মধ্যে কাজে যোগদানের জন্য নোটিশ দেয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরিতে যোগদান না করায় সিন্ডিকেটে তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়া হয়।
