সিটিনিউজবিডিঃ ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে হারের পর, দক্ষিণ আফ্রিকার কাছেও টানা দুটি টি-টোয়েন্টির হার বাংলাদেশকে অনেকখানি হতাশ করেছে। খেলোয়াড়দের আত্মবিশ্বাসেও খানিকটা ধাক্কা লেগেছে বটে। প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ, হেরেছে এক রকম অসহায় আত্মসমর্পণ করেই। সাকিব-তামিম-মাশরাফিদের সামনে এবার ওয়ানডে পরীক্ষা।
শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে হারলেও বাংলাদেশের মূল শক্তিটা অবশ্য এই ওয়ানডেতেই। গত আট মাস ধরে ক্রিকেটের এই সংস্করণেই সব সাফল্য এসেছে দেশের। শুরুটা গত নভেম্বরে জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে।
এরপর পাকিস্তানকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ। আর সবশেষ ভারতের বিপক্ষে ২-১-এ সিরিজ জয়। অর্থাৎ ঘরের মাঠে শেষ ১১ ওয়ানডের ১০টিতেই জিতেছে বাংলাদেশ। ওয়ানডের আত্মবিশ্বাসটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাজে লাগাতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গতকাল সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, ‘আট মাস ধরে ৫০ ওভারের ক্রিকেটে আমরা ভালো করছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আমাদের ভালো করার সুযোগ আছে। সুযোগটি কাজে লাগাতে হবে। আশা করছি আগামীকাল (আজ) ভালো কিছু দেখা যাবে।’
