২ পুলিশসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

0

সিটিনিউজবিডিঃ এক ব্যবসায়ীর কাছ থেকে ৩০ লাখ টাকা আদায়ে ক্রসফায়ারের হুমকির অভিযোগে নগর পুলিশের এক ঊর্ধতন কর্মকর্তা ও তাঁর বডিগার্ডসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। চট্টগ্রামের মহানগর দায়রা জজ (স্পেশাল জজ) আদালতের বিচারক মোহাম্মদ শাহেনুর মামলাটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম কর্তৃপক্ষকে রিপোর্ট দেয়ার নির্দেশ দিয়েছেন। গত মঙ্গলবার মামলাটি দায়ের করেন উত্তর মধ্যম হালিশহর এলাকার ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান। স্পেশাল মামলা নং ১০৮/১৫। মামলার আসামীরা হচ্ছেনসিএমপি’র অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) মোহাম্মদ আরেফিন জুয়েল, তাঁর বডিগার্ড মোহাম্মদ সোহেল, হাজিপাড়া জালাল কমিশনার লেইন এলাকার মোহাম্মদ এসকান্দর হায়াত ও হালিশহর চৌধুরীপাড়া এলাকার মোহাম্মদ মহসিন।

মামলার এজাহারে গত ৮ জুন দুপুর ১২ টা থেকে ১ জুলাই সকাল ১১টা পর্যন্ত দুইটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে।

দুদক আইন ২০০৪ এর তপশীলভুক্ত বাংলাদেশ দণ্ডবিধি আইনের ১৬১/১৬২ তৎসহ ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫() ধারা ও দণ্ডবিধি আইনের ১৬১/১৬২/৩৮৫/৫০০/৫০৬(বি) ধারায় আসামীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বাদী মোহাম্মদ শাহজাহান বলেন, জায়গার বিরোধজনিত কারণে আসামী এসকান্দর হায়াত বাদীর বিরুদ্ধে বন্দর থানায় একটি অভিযোগ দেন গত ৫ এপ্রিল ’১৫। এ অভিযোগের লিখিত জবাব দেন শাহজাহান। এতে সুবিধা করতে পারেননি এসকান্দর। পরে এ ঘটনার সূত্র ধরে ১ ও ২ নং আসামী বাদীকে একের পর এক নোটিশ দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ করা হয়। একইসাথে ৩০ লাখ টাকা আদায়ে (এসকান্দরের পক্ষে) হুমকি দিচ্ছেন।

অন্যথায় বাদীকে ক্রসফায়ারে মেরে ফেলা ও ১০/১২ টি সন্ত্রাসী ও চাদাঁবাজি মামলায় জড়িত করে সর্বস্বান্ত করার হুমকি দেয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এধরনের হুমকির ঘটনায় বাদী ৯ জুন সিএমপি কমিশনারের কাছে দরখাস্ত দেন। ১ ও ২ নং আসামী ৩ ও ৪ নং আসামীর প্রলোভনে ক্ষমতার অপব্যবহার করে বাদীকে ১ নং বিবাদীর কার্যালয়ে উপস্থিত করানোর জন্য বন্দর থানার ওসিকে নির্দেশ দেন। গত ১ জুলাই ওসিকে এ নির্দেশ দেয়া হয়। মামলার এজাহারে আসামীদের বিরুদ্ধে পরস্পর যোগসাজসের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়। মামলায় সাক্ষী হিসেবে ৩ জনের নাম উল্লেখ করা হয়। এব্যাপারে বাদীর আইনজীবী এডভোকেট মোহাম্মদ আলমগীর চৌধুরী বলেন, আসামীরা পরস্পর যোগসাজশে বাদী মোহাম্মদ শাহজাহানকে হয়রানি ও হুমকি দিয়েছে। একইসাথে ৩০ লাখ টাকা আদায়ে ক্রসফায়ারেরও হুমকি দেয়া হয়।

আদালত মামলাটি গ্রহণ করে দুনীর্তি দমন কমিশন চট্টগ্রাম কর্তৃপক্ষকে রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছেন।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.