খেলাধুলা : আইসিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন শশাঙ্ক মনোহর। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসির পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে মনোহর পদত্যাগ করলেন সেটি জানা যায়নি।
২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মনোহর। দুই বছরের মেয়াদে নির্বাচিত হলেও এক বছর না পেরোতেই সরে যাচ্ছেন তিনি। অথচ দায়িত্ব নিয়েই ‘তিন মোড়ল’ তত্ত্বের বিলোপে কাজ করে আসছিলেন মনোহর। সেই লক্ষ্যে কাজও শুরু করেছিলেন। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে শুরু থেকেই মনোমালিন্য ছিল তার। একজন ভারতীয় হয়েও আইসিসিতে ভারতের আধিপত্য কমাতে তার ভূমিকা ছিল বলার মতোই।
আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে মনোহর লিখেছেন, আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। সব বিষয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছি। কিন্তু ব্যক্তিগত কারণে এই গুরুদায়িত্ব পালন আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সূত্র: ক্রিকইনফো।
