সিটিনিউজবিডিঃ নিজের গ্রামের বাড়িতে ঈদুল ফিতরের ছুটি কাটাতে দলে দলে চট্টগ্রাম ছাড়ছে মানুষ। রেলস্টেশন, বাসস্টেশন সবখানেই মানুষের চাপ। শবে কদরের জন্য বুধবার (১৫ জুলাই) সরকারি ছুটি।
ঈদুল ফিতরের বন্ধ শুরুর আগে মাঝে শুধু কর্মদিবস আছে একদিন। সরকারি-বেসরকারি চাকুরিজীবীদের অনেকেই একদিনের ছুটি নিয়ে চলে যাচ্ছেন প্রিয়জনের কাছে গ্রামের বাড়িতে। এর ফলে চট্টগ্রাম নগরী আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করেছে।
সিএমপি’র মুখপাত্র নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত বলেন, মূলত মঙ্গলবার থেকে লোকজন গ্রামে কিংবা পরিবারের কাছে যেতে শুরু করেছে। বুধবার আরও বেড়েছে। নগরীতেও আস্তে আস্তে মানুষের চাপ কমছে। বুধবার সকালে নগরীর রেলস্টেশনে গিয়ে ঘরমুখো মানুষের মোটামুটি ভিড় দেখা গেছে। ঘরে ফেরা নারী-পুরুষ, শিশুদের মধ্যে উচ্ছ্বাসের কমতি নেই। দেখা গেছে মোটামুটি স্বস্ত্বির পরিবেশও।
