একনীতির মাদ্রাসা শিক্ষার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

0

নিজস্ব প্রতিবেদক::কোন ধরনের সংস্কার ও সরকারি নিয়ন্ত্রন বিহীন নি:শর্ত কওমী সনদ বাতিল করে একনীতির মাদ্রাসা শিক্ষা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১টায় র বিভিন্ন জেলা থেকে আগত নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন।

স্মারকলিপি প্রদানের সময় চট্টগ্রাম আদালত ভবনের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা বলেন, সরকার সনদ দেবে কিন্তু নিয়ন্ত্রণ করবে না, এমন নীতি সম্পূর্ণ এক পেশে। সরকারি কোন টাকা না নিলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজগুলোতে যদি সরকারি নিয়ন্ত্রণ ও নজরদারী থাকতে পারে, সেখানে কওমী মাদ্রাসার ক্ষেত্রে স্পেশাল ভি, আই, পি সুবিধা থাকবে তা রহস্যজনক, অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিয়ন্ত্রণে থাকতে পারলে কওমী মাদ্রাসাগুলো কেন নিয়ন্ত্রণহীন হবে- এ প্রশ্ন আজ সচেতন মহলের। সরকার হেফাজতী তান্ডবের পুরষ্কার দিতে গিয়ে এমন সামঞ্জস্যহীন সনদ প্রদানের মত ভোটের রাজনীতি করার কারনে দেশে নতুন করে বিবাদ বাড়বে ইসলামপন্থীদের মধ্যে।

আজ জনগন জানতে চায় যাদের নিজেদের কোন সনদ নাই, তারা কীভাবে মাস্টার্স সনদ দেওয়ার যোগ্য বিবেচিত হয়। নেতৃবৃন্দ বলেন, এমন কওমী সনদ প্রদানের ঘোষণার ইঙ্গিত হলো দেশে আধুনিকায়নের পরিবর্তে মগের মুল্লুকের দিকেই ঝুঁকে পড়ছে। সরকার নিয়ন্ত্রিত আলিয়া মাদ্রাসাকে চরম অবমাননা করে এবং হেফাজতী-ওহাবীদের ভি, আই, পি মর্যাদা দিয়ে ঘোষিত অযৌক্তিক কওমী সনদ প্রত্যাহার করে নতুন করে একনীতি ও মর্যাদার মাদ্রাসা শিক্ষা নিশ্চিত না করা পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

তারা বলেন, আমরা আগামীকাল ২১ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত মাসব্যাপি দেশের আলিয়া মাদ্রাসা এবং দরবার-খলিফাগুলোর প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করে আন্দোলনের নতুন কৌশল নির্ধারন করবার পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম সহ বিভিন্নস্থানে গোলটেবিল আলোচনা, প্রতিবাদ সভা আয়োজন এবং ২১ মে নতুন কর্মসূচি ঘোষণা করবে আহলে সুন্নাত। আজ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপিতে দশজন সুন্নি আলেম ও দশজন কওমী আলেমের সমন্বয়ের ঐক্যমতের ভিত্তিতে প্রনীত সিলেবাসের ভিত্তিতে দেশের সব ইসলামী শিক্ষা নিশ্চিতের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটি কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মাওলানা এম. এ. মতিন, সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার, পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরাফ, মাওলানা রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়র নূর হোসাইন, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, ফজলুল করিম তালুকদার নাসির উদ্দিন মাহমুদ, আলী হোসেন, এনামুল হক সিদ্দিকী, ফোরকানুল আলম চৌধুরী, মাওলানা শাহজাহান, জসিম উদ্দিন সিদ্দিকী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, হাবিবুল মোস্তফা সিদ্দিকী, নুরুল ইসলাম শাকিল, এইচ. এম. শহীদুল্লাহ, ফরিদুল ইসলাম, শায়ের এনামুল হক, মারুফ রেজা, মাছুমুর রশীদ কাদেরী, মিজানুর রহমান ও এইচ. এম এনামুল হক সহ আহ্লে সুন্নাতের প্রমুখ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.