ইরানের ফলবাহী প্রথম জাহাজ কাতারে

0

আন্তর্জাতিক ডেস্ক:: ইরান ১৮০ টন শাক-সবজি এবং ফলবাহী জাহাজ পারস্য উপসাগরীয় দেশ কাতারে পাঠিয়েছে। কাতারে খাদ্য পাঠানো জোরদার করার অংশ হিসেবে খাদ্যবাহী এই জাহাজ পাঠাল ইরান। সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং দেশটির বিরুদ্ধে অবরোধ আরোপের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিয়েছে ইরান।

ইরানের সংবাদ মাধ্যম গতকাল মঙ্গলবার জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দর লেংগেহ থেকে ছেড়ে যায় জাহাজটি। কাতারে পৌঁছাতে সর্বোচ্চ ১২ ঘণ্টা সময় লাগবে বলেও জানানো হয়েছে।

শাক-সবজি এবং ফলমূল ৪০ ফুট কন্টেইনারে পাঠানো হয়েছে এবং এ কন্টেইনারে শীতল রাখার ব্যবস্থা রয়েছে।

এ ছাড়া, জাহাজযোগে কাতারে অন্যান্য মালামাল পাঠানোর জন্যও বন্দরটি পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে। কাতারে ক্রমবর্ধমান হারে খাদ্য পাঠানোকে বন্দরের কর্মসূচিতে অগ্রাধিকার দেয়া হয়েছে। হরমোজগান প্রদেশের শিল্প, খনিজ এবং বাণিজ্য বিষয়ক পরিচালক খলিল কাসেমির বরাত দিয়ে জানানো হয় এ কথা।

এদিকে ইরান এরই মধ্যে ঘোষণা করেছে, গত সপ্তাহ থেকে বিমানযোগে প্রতিদিন ১০০ টন খাদ্য প্রেরণ করছে কাতারে। এসব খাদ্য তেহরান এবং শিরাজ থেকে পাঠানো হচ্ছে।

কাতারে প্রতিদিন দুগ্ধজাত পণ্য পাঠানোর বিষয় নিয়ে আলোচনা করছে ইরান। তেহরানের কর্মকর্তারা ইরানি সংবাদ মাধ্যমকে বলেছেন, জাহাজে করে প্রতিদিন অন্তত ৪৫ টন দুগ্ধজাত পণ্য কাতারে পাঠানো সম্ভব।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.