নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কেন্দ্রীয় মেইল সার্ভার আরো বড় জগতে প্রবেশ করল। বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগল এর সাথে যুক্ত হচ্ছে চুয়েটের মেইল সার্ভার। চুয়েটের সার্ভার এখন থেকে Google-এর G-Suite for Education এর মাধ্যমে পরিচালিত হবে।
মঙ্গলবার (১১ জুলাই) ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ জামাল উদ্দীন আহাম্মেদ, আইআইসিটি’র সহযোগী পরিচালক ড. মোহাম্মদ রুবাইয়াৎ তানভীর হোসাইন প্রমুখ।
এ সম্পর্কে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, এ ধরনের পদক্ষেপ চুয়েটের ডিজিটাল অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাবে। ডিজিটাল সেবার পরিসরকে আরো বড় করতে মূলত এই উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে ছাত্রছাত্রীসহ চুয়েট পরিবারের সকলেই উপকৃত হবে বলে আমি আশা করি।
আইআইসিটি-এর পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘চুয়েটের সার্ভার এখন থেকে Google-এর G-Suite for Education এর মাধ্যমে পরিচালিত হবে। এর মাধ্যমে চুয়েটের সকল ছাত্রছাত্রীসহ চুয়েট পরিবারের সকলের জন্য এখন থেকে অফিসিয়াল ই-মেইল প্রদান করা সম্ভব হবে।
তিনি বলেন, চুয়েটের আগের সার্ভার অনেক ব্যাকডেটেড ও স্পার্ম ঝুঁকি ছিল। এখানে আনলিমিটেড ইউজার এবং স্পেস পাওয়া যাবে। একইসাথে গুগোল এর ক্লাউড সুবিধাসহ যাবতীয় সার্ভিস বিনামূল্যে পাওয়া যাবে। তাছাড়া এই সার্ভারে স্পার্ম আক্রমণের ঝুঁকিও নেই।’
