চকরিয়া প্রতিনিধি::কক্সবাজারের চকরিয়ায় গোলাগুলিতে মো.বেলাল প্রকাশ লম্বা বেলাল (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চকরিয়া-লামা-আলীকদম সড়কের ফাঁসিয়াখালীস্থ কুমারী ব্রীজ সংলগ্ন পাহাড়ে গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত বেলাল ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালীর মিটাখালী এলাকার মো.জাফর আলমের ছেলে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে দু’ডাকাত দলের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও অন্তঃকোন্দল নিয়ে বিরোধের জের ধরে কুমারী ব্রীজ এলাকায় গোলাগুলি চলছে খবর পেয়ে থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থলে যায়। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ও গুলিতে নিহত বেলালের লাশ মাটিতে পড়ে থাকতে দেখি।
এসময় ঘটনাস্থল থেকে বেলালের মৃতদেহ সহ ডাকাত দলের ফেলে যাওয়া দেশীয় তৈরী দুটি বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও তিনটি কার্তুজের খোসা উদ্ধার করে পুলিশ। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে মর্গে পাঠানো হয়। তিনি আরো বলেন, ডাকাত বেলাল প্রকাশ লম্বা বেলালের বিরুদ্ধে থানায় ১১টি মামলা রয়েছে।
তবে স্থানীয় লোকজন বলেন, গত বুধবার বিকাল ৫টার দিকে সাদা পোশাকে একদল পুলিশ বেলালকে ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভ পাড়া থেকে আটক করে। বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ পাওয়া যায় থানায়।
