জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী কার্যক্রম ১০ আগস্ট

0

সিটিনিউজবিডি :  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুটি দুর্নীতির মামলার পরবর্তী শুনানি আগামী ১০ আগস্ট নির্ধারণ করেছেন পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত। আজ সোমবার বিচারক আবু আহমেদ জমাদার এ দিন নির্ধারণ করেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় আদালতের এজলাস কক্ষে প্রবেশ করেন বিএনপির চেয়ারপারসন। জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট মামলায় তাঁর উপস্থিতিতে আদালতে আসামিপক্ষের জেরা ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী এ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিত ও জয়নুল আবেদীন মেজবাহ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাক্ষ্যগ্রহণ মুলতবি চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে উল্লেখ্য করা হয়- বেগম খালেদা জিয়ার অনুপস্থিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যে সাক্ষ্য নেওয়া হয়েছে তা বাতিল চেয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, যা বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাটির সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখা হোক।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন।

মামলাটির অপর আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

অপরদিকে জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরও একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন।

এই মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে দুর্নীতির দুই মামলায় অভিযোগ গঠন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.