চকরিয়া প্রতিনিধি::জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারবে না বলে প্রধান শিক্ষকের বকাঝকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মহিউদ্দিন সাহেল (১৫) নামে ৮ম শ্রেণির এক ছাত্র।
শনিবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে চকরিয়া পৌরসভার ভরামুহুরী গ্রামীণ ব্যাংক এলাকায় ভাড়া বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। স্কুল ছাত্র উপজেলার কৈয়ারবিল ইউনিয়নরে হামিদউল্লাহ সিকদার পাড়ার বাসিন্দা সৌদি প্রবাসী জসিম উদ্দিনের ছেলে ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
স্বজনরা জানান, মহিউদ্দিনের বাবা সৌদি প্রবাসী।
গত বৃহস্পতিবার তার মাও হজ্ব করতে সৌদি আরব গেছেন। পৌরসভার ৪নং ওয়ার্ডে ভরামুহুরী গ্রামীণব্যাংক এলাকায় নানার বাড়ির পাশে একটি ভাড়া বাসাতে থাকতো তার পরিবার। মা হজ্বে যাওয়ায় ভাড়া বাসাটি তালাবদ্ধ করে নানার বাড়িতে থাকতো সাহেল।
শনিবার ভোর ৬টার দিকে কোচিংয়ে যাওয়ার জন্য নানা সাহেলকে ঘুম থেকে জাগিয়ে দেয়। বই ও ব্যাগের জন্য বাসার মধ্যে যান। সেখানে মায়ের ওড়না পেঁচিয়ে একটি কক্ষের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে সাহেল। সকাল ৮টার দিকে বাড়ির মালিক এ ঘটনা দেখে নানার বাড়ির লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ছাত্র মহিউদ্দিনের মামা ফয়সাল জানান, মহিউদ্দিন বাবা-মা’র প্রথম সন্তান। তার ছোট ভাই কয়েক বছর আগে পানিতে ডুবে মারা যায়। মহিউদ্দিন চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে ৮ম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিয়েছে। এ পরীক্ষায় গণিতে ফেল করে সে। এতে প্রধান শিক্ষক নুরুল আখের তাকে জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে দেবে না বলে বেশ কয়েকবার বকাঝকা করে। একদিকে পরীক্ষায় অকৃতকার্য অন্যদিকে বাবা-মা বিদেশে থাকায় সে হাতাশাগ্রস্থ হয়ে পড়েন। এ কারণে হয়তো সে আত্মহত্যা করেছে।
কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের বলেন, শুনেছি ভাড়া বাড়িতে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে সেটা জানি না।
এদিকে স্কুল ছাত্র মহিউদ্দিন সাহেলের মৃত্যুর খবর সহপাঠিদের মধ্যে ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে। তাদের বন্ধু’র মৃত্যু আত্মহত্যা না কী কেউ হত্যা করেছে তা সুষ্ঠ তদন্তের দাবী জানিয়েছেন। চকরিয়া কোরক বিদ্যাপীঠের চকরিয়া থানার ওসি মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তার গলায় ওড়না প্যাঁচানোর দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
