জাপানের ওপর দিয়ে আরও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে: কিম

0

আন্তর্জাতিক ডেস্ক::জাপানের ওপর দিয়ে আরো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অঙ্গীকার করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং-উন। পিয়ংইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় জাতিসংঘের নিন্দা এবং যুক্তরাষ্ট্রের হুমকির পর বুধবার তিনি এ অঙ্গীকার করলেন।

কিমের বরাত দিয়ে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, পরমাণু ক্ষমতাধর উত্তর কোরিয়ার উস্কানিমূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ছিল নিছক একটি ‘নাটক মঞ্চস্থ’ মাত্র। পিয়ংইয়ং প্রয়োজনে ভবিষ্যতে আরো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবে।

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি প্রশ্নে উত্তেজনার মধ্যেই মঙ্গলবার পিয়ংইয়ং মাঝারি পাল্লার হোয়াংসং-১২ নামের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ সাড়ে ৫০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে প্রায় ২৭শ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে।

জাপানের সংবাদমাধ্যমে বলা হয়, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চল থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে পড়ার আগে প্রায় ১৪ মিনিট জাপানের লোকালয়ের ওপর ছিল। সেজন্য আগেই জাপান সরকারের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক করে মোবাইল ফোনে বার্তা পাঠানো হয়। তবে ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংসের কোনো উদ্যোগ নেয়নি জাপান।

সর্বশেষ ছোড়া এ ক্ষেপণাস্ত্রটি কোরীয় উপদ্বীপ অঞ্চলের পরিস্থিতিকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে। এদিকে, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের মুখপত্র রোদোং সিনমুন বুধবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ২০টিরও বেশি ছবি প্রকাশ করেছে।

এ ঘটনাকে ‘নজিরবিহীন বলে উল্লেখ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। পিয়ংইয়ং আঞ্চলিক শান্তি নষ্ট করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা চাই বিশ্বনেতারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে সব ধরনের চাপ অব্যাহত রাখুক।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভূ-খণ্ড গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন।

সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ট্রাম্প বলেন, উত্তর কোরিয়াকে কীভাবে শায়েস্তা করা যায় তার ‘সকল বিকল্প’ আলোচনার টেবিলে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রকে সম্মান জানানো শুরু করায় কিমকে অভিনন্দন জানানোর মাত্র কয়েকদিন পর সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের কথা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প।

এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে দেয়া এক বিবৃতিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কঠোর নিন্দা জানিয়ে বলেছে, ‘এটি কেবলমাত্র এ অঞ্চলের জন্য নয়, জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের জন্য বড় হুমকি।’

উত্তর কোরিয়ার মিত্র দেশ চীন ও রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে উত্থাপিত মার্কিন খসড়া প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে। তবে তারা চাচ্ছে না যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নেয়া হোক।

এর আগে ১৯৯৮ ও ২০০৯ সালে উত্তর কোরিয়ার ছোঁড়া দুটি রকেট জাপানের আকাশ সীমা অতিক্রম করে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে সে সময় বলা হয়েছিল, সেগুলো কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছিল, অস্ত্র হিসেবে নয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.