সিটিনিউজ ডেস্ক :: অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র অভিনেতা বাবর। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে তিনি রাজধানীর হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
শারীরিক দুর্বলতার কারণে হাসপাতালে ভর্তি হলেও গতকাল (৮ সেপ্টেম্বর) তাঁর ফুসফুসে ক্ষত ধরা পড়েছে। তিনি ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে রয়েছেন।
অভিনেতা বাবরের স্ত্রী লতিফা বাবর বলেন, ‘গত মঙ্গলবার বাসায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর আমরা দ্রুত হাসপাতালে নিয়ে আসি। গত দুদিন ধরেই তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। গতকাল তাঁর ফুসফুসে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এখন দেখা হচ্ছে, কেন এই ক্ষত।’
বাবরের শারীরিক অবস্থার বিষয়ে ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের পরীক্ষায় তাঁর ফুসফুসে যে ক্ষত ধরা পড়েছে, সেটি কিসের সে বিষয়ে আজ পরীক্ষা করে দেখা হবে। আগামীকাল বলতে পারব, আসলে সমস্যাটা কী। এমনিতে তিনি শারীরিকভাবে অনেক দুর্বল। ডায়াবেটিস রয়েছে, আবার প্রেসারও বেশি।’
সবার কাছে দোয়া চেয়ে লতিফা বাবার বলেন, ‘বাবর একজন চলচ্চিত্রপ্রেমী মানুষ। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এফডিসিতে নিয়মিত না হলেও ঘরে বসে সব সময় চলচ্চিত্রের খবর রাখেন। নিজে চলচ্চিত্র পরিচালনা করার জন্য চেষ্টা করছিলেন। ঘরে বসে চিত্রনাট্য তৈরি করছিলেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাঁকে সুস্থ করে দেন।’
আমজাদ হোসেনের নির্দেশনায় ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে নায়ক হিসেবে বাবরের অভিষেক ঘটে।
তবে খলনায়ক হিসেবে তার যাত্রা শুরু হয় নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রে।
এরপর দীলিপ বিশ্বাসের ‘আসামি’, শামসুদ্দিন টগরের ‘বাঞ্জারান’, দারাশিকোর ‘ডাকু দরবেশ’, ‘জিপসী সরদার’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার প্রযোজিত চলচ্চিত্র ‘দাগী’ এবং একমাত্র পরিচালিত চলচ্চিত্র ‘দয়াবান’।
অসুস্থ থাকার কারণে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন না তিনি।
তবে তিনি এরই মধ্যে তিন শতাধিক চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেছেন।
