সঠিক পরিচর্যা পেলে অনাথরাও সমাজে অবদান রাখবে: শংকর প্রসাদ দেব
সিটিনিউজ ডেস্ক :: মানবতার সেবাই প্রকৃত ধর্ম। প্রত্যেক ধর্মেই মানবসেবার নির্দেশনা রয়েছে। সৃষ্টির সেবা করলেই স্রষ্টার আশীর্বাদ মিলে। অনাথ ও দরিদ্র জনগোষ্ঠীও আমাদের সমাজের অংশ। তাদের অবহেলা করে সমাজ কখনও এগিয়ে যেতে পারে না। তারা সঠিক পরিচর্যা ও পুনর্বাসন পেলে সমাজে অবদান রাখতে পারবে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মানবতার কল্যাণে নিবেদিত সংগঠন ইয়ুথ ওয়েলফেয়ার মিশন-বাংলাদেশ আয়োজিত ‘অনাথদের শারদোৎসব’ উপলক্ষে অনুষ্ঠানে সরকারের অতিরিক্ত সচিব শংকর প্রসাদ দেব এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রামের ৯টি অনাথ আশ্রম যথাক্রমে ভুবনেশ্বরী মঠ ও মিশন, বাজালিয়া ঋষিতীর্থ অনাথ আশ্রম, আদ্যাপীঠ অনাথ আশ্রম, বিবেকানন্দ অনাথ আশ্রম, ভোলানন্দ অনাথ আশ্রম, জগন্নাথ অনাথ আশ্রম, রামকৃষ্ণ মিশন অনাথ আশ্রম, শংকর মঠ অনাথ আশ্রম, কানাই বাবার অনাথ আশ্রমের দেড় শতাধিক ছাত্রদের মাঝে শারদীয় নতুন পোশাক বিতরণ এবং ২০ জন দুস্থ ও অসহায় বিধবাকে শাড়ি প্রদান করা হয়।
মিশনের উপদেষ্টা রঞ্জন কান্তি দত্তের সভাপতিত্বে ও মিশনের প্রতিষ্ঠাতা সদস্য অনুপম দেবনাথ পাভেলের সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন অ্যাডভোকেট তপন কান্তি দাশ। আশীর্বাদক ছিলেন শ্রীমৎ উমানন্দ ব্রহ্মচারী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু, মিশনের উপদেষ্টা প্রদ্যুৎ বিশ্বাস, অধ্যাপক সুজন বিশ্বাস, মুরালী দাস ব্রহ্মচারী, প্রভাষক পলাশ কান্তি নাথ রণী, অধ্যাপক কুশল চক্রবর্তী, মিশনের প্রধান পৃষ্ঠপোষক রুবেল সাহা, পৃষ্ঠপোষক সাংবদিক নিপুল কান্তি দে, এস প্রকাশ পাল, রুমন ভট্টাচার্য্য, প্রকৌশলী অমিত ধর, শ্যামদাশ ধর প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন মিশনের কো-অপারেটর সঞ্জয় দেবনাথ ও অনুপম দাশ। সহযোগিতায় ছিলেন পেশাজীবী সংগঠন ‘ভালোবাসার উদ্যোগ’। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং মিশনের অর্ধশতাধিক কো-অপারেটরবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি শুকলাল দাশ বলেন, সম্মিলিত প্রয়াসে যা করা যায়, একক ব্যক্তির ক্ষেত্রে তা অনেক সময় অসম্ভব। মিশনের কার্যক্রম সেটি প্রমাণ করে। ইয়ুথ ওয়েলফেয়ার মিশনের মানবসেবামূলক কর্মকান্ডের তিনি প্রশংসা করেন এবং ভবিষ্যতে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
