সিটিনিউজ ডেস্ক :: চাকরি জীবনের শেষ দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টু্ইটার একাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেন এক টুইটার কর্মী। অবশ্য ১১ মিনিট নিষ্ক্রিয় থাকার পর খুলে দেয়া হয় ট্রাম্পের একাউন্ট। এছাড়া তারা ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
বিবিসি জানায়, ২০০৯ সালের মার্চ থেকে টুইটার ব্যবহার করেন ট্রাম্প। @রিয়েলডোনাল্ডট্রাম্প নামে তার একাউন্টে ফলোয়ার সংখ্যা ৪১ দশমিক ৭ মিলিয়ন। কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার সন্ধ্যায় ফলোয়াররা তার একাউন্ট বন্ধ পান। সেসময় ট্রাম্পের একাউন্টে প্রবেশ করলে ‘দুঃখিত, এই পেজটির কোন অস্তিত্ব নেই’ লেখা দেখতে পাওয়া যায়।
অবশ্য এর ১১ মিনিট পরই এটি পুনরায় সক্রিয় পাওয়া যায়। তবে ট্রাম্পের অফিসিয়াল টুইটার একাউন্ট @পোটাস আক্রান্ত হয়নি।
পরে এ বিষয়ে টুইট করে কর্তৃপক্ষ জানায়, আমরা তদন্ত করে দেখতে পেয়েছি গ্রাহক সেবায় নিয়োজিত এক এক কর্মী এই ঘটনা ঘটিয়েছে। গতকাল ছিল তার চাকরির শেষ দিন। আমার এ বিষয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা সহ পুনরায় যেন এ ধরনের ঘটনা না ঘটে তা খতিয়ে দেখছি।
এদিকে একাউন্ট চালু হওয়ার পর ট্রাম্প প্রথমেই রিপাবলিকান পার্টির কর কর্তন পরিকল্পনা নিয়ে টুইট করেন।
