বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের দায়ে ৯৬৩ যাত্রীকে জরিমানা!
সিটিনিউজ ডেস্ক :: বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের দায়ে ৯৬৩ জন যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ের একটি বিশেষ টিম।
ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের মুখ্য বাণিজ্যিক কর্মকর্তা (পূর্ব) সর্দার শাহাদাৎ আলীর নেতৃত্বে ওই বিশেষ অভিযান পরিচালিত হয়।
ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেওয়া ১২টি আন্ত০নগর, মেইল ও লোকাল ট্রেনের যাত্রীদের টিকেট দেখতে চাওয়া হয়।
এ সময় বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের দায়ে ৯৬৩ জন যাত্রীকে আটক করে টিকেটের মূল্য এবং জরিমানা বাবদ দুই লাখ ৬৩ হাজার ৫২৩ টাকা আদায় করা হয়।
ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তায় পরিচালিত ওই বিশেষ অভিযানে ভৈরব স্টেশন মাস্টার অমৃত লাল দাসসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ থেকে যাত্রীদের নিরুৎসাহিত করতে এ রকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার অমৃত লাল দাস।
