সারাদেশে  এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কঠোর নিরাপত্তা ও কড়া নজরদারিতে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় দেশব্যাপী একযোগে শুরু হয়েছে এ পরীক্ষা। যা চলবে দুপুর ১টা পর্যন্ত।

অাজ প্রথম দিন  সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে অাসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি পরীক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

প্রশ্ন ফাঁস ঠেকাতে নজিরবিহীন কড়া পরিবেশের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষায় তিন হাজার ৪১২টি কেন্দ্রে বসেছে ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী। এরমধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র এবং ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।

এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ২৩টি স্কুলের ১ লাখ ৩৫ হাজার ২২১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ ১০টি বিশেষ টিম গঠন করেছে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রের সার্বক্ষনিক দায়িত্বে ৫০টি সাধারণ ভিজিল্যান্স টিমের সদস্যরা পালন করছেন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এসএসসিতে এবছর ১৭৯ কেন্দ্রে ১ লাখ ৩৫ হাজার ২২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ৬২ হাজার ৭৩৭ জন ছাত্র ও ৭২ হাজার ৪৮৪ জন ছাত্রী।

মহানগরবাদে চট্টগ্রাম জেলার ১০৬টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৬৯৩টি স্কুলের ৯৪ হাজার ৭০৩ জন, মহানগরের ৩২টি কেন্দ্রে ১৮৩টি স্কুলের ৩২ হাজার ১৯৬ জন, কক্সবাজার জেলার ২৫টি কেন্দ্রে ১৩৫টি স্কুলের ১৮ হাজার ৭৪৭ জন, রাঙামাটি জেলার ১৯টি কেন্দ্রে ৮০টি স্কুলের ৮ হাজার ৫৬৮ জন, খাগড়াছড়ি জেলার ১৮টি কেন্দ্রের ৭৬টি স্কুলের ৯ হাজার ৬২১ জন এবং বান্দরবান জেলার ১১টি কেন্দ্রে ৩৯টি স্কুলের ৩ হাজার ৫৮২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে ৩০ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী। ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৬১ হাজার ৭৭৯ জন ও মানবিক বিভাগ থেকে ৪২ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই কেন্দ্রে উপস্থিত হয়ে আসনে বসা বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবে না।

কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ না করলে তাকে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না বলেও জানানো হয়েছে।

এ বছর সারাদেশে অভিন্ন ও সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.