স্পোর্টস ডেস্ক :: শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনে সবকটি উইকেট হারিয়ে ৫১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১২৯.৫ ওভার খেলে টাইগাররা ৫১৩ রানের সংগ্রহ পায়। ১৩৪ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৮৩ রান করে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ।
আগের দিন ১৭৫ রানে অপরাজিত থাকা মুমিনুল হক দ্বিতীয় দিন নিজেকে অবশ্য ছাড়িয়ে যেতে পারেননি। রঙ্গনা হেরাথের বলে ১৭৬ রান করে মেন্ডিসকে ক্যাচ দেন। ২১৪ বলে ১৬টি চার ও এ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। মুমিনুলের আগের ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোর ছিল ১৮১। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এ মাঠেই নিজের সর্বোচ্চ ইনিংসটি খেলেছিলেন।
মুমিনুলের পর হেরাথের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মোসাদ্দেক হোসেন। ব্যক্তিগত ৮ রানে তুলে মারতে গিয়ে সান্দাকানের তালুবন্দী হন তিনি। দলীয় ৪১৭ রানে রান আউটের শিকার হন মেহেদি হাসান মিরাজ। ১৯ বলে একটি চার ও একটি ছক্কায় ২০ রান করেন তিনি।
মাহমুদউল্লাহ ও সানজামুল ইসলাম মিলে অষ্টম উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন। ক্যারিয়ারের ১৫তম হাফসেঞ্চুরির দেখা পান মাহমুদউল্লাহ। সান্দাকানের বলে স্টাম্পিং হয়ে ২৪ রানে ফেরেন সানজামুল ইসলাম। পরের ওভারেই হেরাথের তৃতীয় শিকার হন তাইজুল ইসলাম (১)। শেষ ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান সুরাঙ্গা লাকমালের তৃতীয় শিকার হয়ে ব্যক্তিগত ৮ রানে ফেরেন।
এর আগে টসে জিতে প্রথম দিন ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করে বাংলাদেশ। তামিম ইকবাল আর ইমরুল কায়েস উদ্বোধনী জুটিতে আসে ৭২ রান। দিলরুয়ান পেরেরার দুর্দান্ত এক ডেলিভারিতে তামিম বোল্ড হন ৫২ করে। এরপর ৪০ রানে ভুল এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন ইমরুল কায়েস।
