আজ ১ লা ফেব্রুয়ারী

0

সিটি নিউজ বিডিঃঃ  আজ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন। প্রথম রাঙা প্রভাত স্মরণ করিয়ে দেবে ১৯৫২-এর একুশে ফেব্রুয়ারির সেই অমর শহীদদের, যাঁরা মাতৃভাষা বাংলার জন্য অকাতরে বিলিয়ে দিয়েছিলেন প্রাণ। বাঙালির হাজার বছরের মুক্তি সংগ্রামের প্রথম সোপান ছিল একুশে ফেব্রুয়ারি।

সেই ফেব্রুয়ারির পথ ধরেই একে একে রচিত হয়েছিল বাঙালির মুক্তি সংগ্রামের অপরাপর অধ্যায়। সংগ্রামের প্রতিটি পর্যায়ে এদেশের মানুষকে দিতে হয়েছে রক্তমূল্য। তাই রক্তরাঙা পলাশ ও কৃষ্ণচূড়াই বারবার উপমা হয়ে আসে চেতনা ও সংগ্রামী প্রতীকের।

ফলে ফেব্রুয়ারি মাস এলেই ফিরে আসে রাঙা পলাশের স্মৃতি, ফিরে আসে কৃষ্ণচূড়ার লাল রং। সালাম বরকত রফিক জব্বার শফিউরসহ নাম না জানা শহীদের স্মৃতির সঙ্গে মিশে আছে ফেব্রুয়ারির প্রতিটি দিনের ঐতিহাসিক মুহূর্তগুলো।

বাঙালিরা পুরো ফেব্রুয়ারিকে উদযাপন করতে চায় শহীদদের স্মৃতি তর্পণের মধ্য দিয়ে। ’৫২ থেকে ’৭১, একুশ থেকে ষোলো ডিসেম্বর সংগ্রামের সমগ্র সত্তায় দাবানলের মতো ছড়িয়ে থাকে একুশের চেতনা। একুশের চেতনাতেই গড়ে উঠেছে বাঙালির সাহিত্য, সংস্কৃতি, রাজনৈতিক বিশ্বাস, ব্যক্তির মনন ও রুচি।

কেবল বাঙালি জাতীয়তাবাদের চেতনাতেই আবদ্ধ থাকেনি একুশ। একুশ সারা পৃথিবীর সকল মানুষের সকল ভাষার মুক্তির চেতনা হিসেবে আজ প্রতিষ্ঠিত।

ফলে ফেব্রুয়ারির তাৎপর্য বাঙালির জাতীয় জীবনে অপরিসীম। ফেব্রুয়ারির চেতনা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বিশ্বে। একদিন বিশ্বের সকল মানুষের জন্যও ফেব্রুয়ারির চেতনা হয়ে উঠবে অপরিহার্য।

মহান একুশে ফেব্রুয়ারির শোক ও সংগ্রামের যে অমরগাথা রচিত হয়েছিল তার ঐতিহাসিক ভিত্তি যেমন বাঙালি জাতীয়তাবাদ তেমনি তার ঐতিহাসিক সত্যও ছিল জাতীয় মুক্তি।

মুক্তির সেই সরণিতে যারা প্রাণ দিয়ে গেছেন, রক্তের আলপনায় এঁকে গেছেন বাঙালির ভবিষ্যৎ- তাদের জন্যই ফেব্রুয়ারি চিরভাস্মর ও চির জাগরূক থাকবে বাঙালির হৃদয়ে। তাঁদের জন্যই চিরকাল গাইবে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’।

বাংলা ভাষা আজ শুধু বাঙালির ভাষা নয় বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.