বড় জয় রিয়াল মাদ্রিদের

0

সিটিনিউজবিডি :  প্রথম ম্যাচে স্পোর্টিং গিজনের জালে বলই জড়াতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদোরা। ফলে মৌসুরে শুরুতেই হোঁচট খেতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। কিন্তু দ্বিতীয় ম্যাচে অসাধারণভাবে খেলায় ফিরল লজ ব্লাঙ্কোজরা। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল বেটিসের জালে গুনে গুনে ৫ বার বল জড়িয়েছে রাফায়েল বেনিতেজের দল।

জোড়া গোল দিয়েছেন হামেস রদ্রিগেজ আর গ্যারেথ বেল। বাকি গোলটি দিয়েছেন করিম বেনজেমা। এই ৫ গোলেই বার্নাব্যুতে রাফায়েল বেনিতেজের অভিষেকটাকে স্মরনীয় করে রাখল রিয়াল মাদ্রিদ। তবে, এতগুলো গোল হলেও ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও গোল বঞ্চিত।

শনিবার বার্নাব্যুর দর্শকদের মাতাতে মাত্র ২ মিনিট সময় নেয় রিয়াল মাদ্রিদ। খেলার দ্বিতীয় মিনিটে হামেস রদ্রিগেজের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে প্রতিপক্ষের জাল কাঁপান গ্যারেথ বেল। বিরতির সাত মিনিট আগে ফ্রি-কি থেকে ডি বক্সের বাইরে থেকে নেয়া বাঁ-পায়ের কোনাকুটি এক শটে অসাধারণ এক গোল করে রিয়ালকে ২-০ তে এগিয়ে নেন কলম্বিয়ান সুপারস্টার হামেস রদ্রিগেজ।

বিরতির পর বেনজেমার গোলে ব্যবধান বাড়ায় রাফায়েল বেনিতেজের রিয়াল। ৪৭তম মিনিটে গ্যারেথ বেলের ক্রস থেকে অসাধারণ এক হেডে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এর তিন মিনিট পর দলের চতুর্থ ও নিজের ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ। টনি ক্রসের শট থেকে বল পেয়ে ওপরে তুলে অসাধারণ এক বাইসাইকেল কিকে প্রতিপক্ষের জাল কাঁপান রদ্রিগেজ।

চার গোল করেও যেন তৃষ্ণা মেটেনি রিয়াল মাদ্রিদের। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে দলের পঞ্চম ও ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করে রিয়ালকে ৫-০ গোলের বড় জয় এনে দেন গ্যারেথ বেল। মাঝমাঠের সামান্য ওপর থেকে বল নিয়ে দৌড় দিয়ে ৩০ গজ দূর থেকে বুলেটগতি এক শট নেন বেল। বেলের নেয়া শটটি বারে লেগে জালে জড়ালে উল্লাসে মাতে বার্নাব্যু।

 

প্রসঙ্গত,দুই ম্যাচে টানা জয় পাওয়া সত্ত্বেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই ম্যাচে সমান দুটি জয় পাওয়া সেল্টা ভিগো গোল-গড়ে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে। অন্যদিকে দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.