সিটিনিউজবিডি : টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ৩১২ রান সংগ্রহ করেছে সফরকারী ভারত। রোববার টেস্টের তৃতীয় দিন ৮ উইকেটে ২৯২ রান নিয়ে খেলতে নেমে আর মাত্র ২০ রান সংগ্রহ করে শেষ দুটি উইকেট হারিয়ে ৩১২ রানে গুটিয়ে যায় বিরাট কোহলির দল।
ভারতের ইনিংসে জ্বালানি হিসেবে কাজ করেন ওপেনার চেতেশ্বর পূজারা। ১৪৫ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। চতুর্থ ভারতীয় ওপেনার হিসেবে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করার রেকর্ড গড়েন পূজারা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইনিংস ওপেন করতে নেমে শেষ পর্যন্ত ব্যাটিং করার এটি ৪৯তম নজির।
ভারতের হয়ে ১৪৫ রানের নান্দনিক ইনিংস খেলতে ২৮৯টি বল মোকাবেলা করেন চেতেশ্বর পূজারা। ১৪টি চারের সাহায্যে তিনি ইনিংসটি সাজান। এছাড়া শনিবার টেস্টের দ্বিতীয় দিন লেজের সারির ব্যাটসম্যান অমিত মিশ্র ৫৯ রানের দারুণ কার্যকরী এক ইনিংস খেলেন।
তবে ১১৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতের জন্য এটি ভালো সংগ্রহই বটে। মূলত ১৮০ রানে ৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া ভারতকে অষ্টম উইকেটে খাদের কিনারা থেকে উদ্ধার করেন চেতেশ্বর পূজারা ও অমিত মিশ্র। অষ্টম উইকেটে এই দুজন ১০৪ রানের রেকর্ড জুটি গড়েন। লংকানদের বিপক্ষে যেটি অষ্টম উইকেটে ভারতের রেকর্ড জুটি।
রোববার টেস্টের তৃতীয় দিন ২৯২ রান নিয়ে খেলতে নামা ভারতকে স্বল্প সময়ের মধ্যে গুটিয়ে দেন লংকান স্পিনার রঙ্গনা হেরাথ। ভারতের শেষ দুটি উইকেেই তুলে নেন তিনি।
শ্রীলংকার হয়ে ধামিকা প্রাসাদ ৪টি এবং রঙ্গনা হেরাথ নেন ৩টি উইকেট। ১টি করে উইকেট নেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ, থারিন্দু কুশল ও নুয়ান প্রদীপ।
প্রসঙ্গত, তিন ম্যাচে সিরিজে আপাতত ১-১ এ সমতা রয়েছে। ফলে তৃতীয় ও শেষ টেস্টটি কার্যত অলিখিত ফাইনালে রূপ নিয়েছে।
