শহিদুল ইসলাম উখিয়া ( কক্সবাজার):: কক্সবাজারের উখিয়া উপজেলার ৪১টি বৌদ্ধ বিহারের সমন্বয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে ও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে পালিত হয়েছে ত্রি-স্মৃতি বিজড়িত বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা।
আজকের এই দিনে সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসূচীতে ছিল স্থবির অভিধা বরণ, শুভ উপসম্পদা সংবর্ধনা, রক্তদান কর্মসূচী ও বৃত্তি প্রদান।
রোববার (২৯ এপ্রিল) দিনটি পালনের জন্য সকাল ৭টায় উখিয়ার বৌদ্ধধর্মাবলম্বী নর-নারীদের শান্তি শোভাযাত্রা র্যালী মরিচ্যা থেকে শৈলেরঢেবা চন্দ্রোদয় বৌদ্ধ বিহারে এসে শেষ হয়। ভারতের অজন্তা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মরত্ন মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সদ্ধর্ম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা ও উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের।
প্রধান বক্তার বক্তব্যে ডা: শংকর বড়ুয়া বলেন, বুদ্ধের জীবন দর্শনকে অনুসরণ করে মানবতাবাদ, সাম্য ও মৈত্রীর মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে মো: নিকারুজ্জামান চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার মাধ্যমে উখিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে বুদ্ধ পূর্ণিমা উদ্যাপিত হয়েছে। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি উখিয়া উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের যে কোন সংকট সমাধানে পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন।
