স্পোর্টস ডেস্ক : বদলি খেলোয়াড় ম্যাথিউ ভালবুয়েনার গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে করিম বেনজেমার ফ্রান্স। পর্তুগালের বিপক্ষে পুরো ম্যাচজুড়ে আধিপত্য দেখালেও গোলের জন্য ফরাসিদের ৮৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।
বেলজিয়াম ও আলবেনিয়ার বিপক্ষে আগের দুটি ম্যাচে হেরে যাওয়ার পর দিদিয়ের দেশম ফ্রান্স দলে জয়ের ক্ষুধা ও আগ্রাসন আরো বাড়ানোর তাগিদ দেন। শুক্রবার তার ছেলেরা আক্রমণাত্মক খেলেই জয় তুলে নিলো।
পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসকে অবশ্যই আগামী ২০১৬ ইউরো বাছাইপর্বের বাকি ম্যাচগুলোর আগে দলকে আরো ভালো করে সাজনোর পরিকল্পনা করেছিলেন। তবে শুক্রবারের ম্যাচটি থেকে তিনি ইতিবাচক কিছুই নিতে পারছেন না।
পর্তুগালের হয়ে এদিন গেল দুবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো ও অভিজ্ঞ তারকা নানি আক্রমণভাগের নেতৃত্বে থাকলেও মাঠে তারা সুস্পষ্ট কোনো প্রভাব ফেলতে পারেননি। উল্টো বিরতির চার মিনিট আগে গোলের সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো।
দ্বিতীয়ার্ধে ফের গোলের দারুণ সুযোগ তৈরি করেন রোনালদো। তবে মরগ্যান স্নেইডারলিন রোনালদোকে বাজে ট্যাকল করে ফেলে দিলে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয় পর্তুগালের। সিআর সেভেন পেনাল্টি আবেদন জানালেও তাতে গ্রাহ্য করেননি রেফারি।
এছাড়া মাঠে আর তেমন সুস্পষ্ট প্রভাব বিস্তার করতে পারেননি এই রিয়াল মাদ্রিদ তারকা। রিয়ালের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা রোনালদো জাতীয় দলের হয়ে এদিন নিষ্প্রভ থাকায় কোচ সান্তোস ৬৭তম মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন।
নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আগে ফরাসি তারকা করিম বেনজেমাকেও তুলে নেন কোচ দিদিয়ের দেশম। ৭৫তম মিনিটে করিম বেনজেমাকে তুলে নিয়ে ১৯ বছর বয়সী তরুণ উদীয়মান তারকা অ্যান্টনি মার্শালকে মাঠে নামান দিদিয়ের দেশম। চলতি গ্রীষ্মে মোনাকো ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানো মার্শালের জাতীয় দলের হয়ে এটাই প্রথম ম্যাচ।
নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে স্বাগতিকদের স্তব্ধ করে দেন ফরাসি তারকা ম্যাথিউ ভালবুয়েনা। আর ৮৫তম মিনিটে জয়সূচক গোলটি পায় ফ্রান্স। পাঁচ মিনিট আগেই বদলি হিসেবে নামা ভালবুয়েনা ২০ গজ দূর থেকে দারুণ বাঁকানো এক ফ্রি কিকে বল জালে জড়ান।
শেষ পর্যন্ত ওই ব্যবধান ধরে রেখেই পর্তুগালের বিপক্ষে টানা ষষ্ঠ জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। মৌসা সিসিকোর পরিবর্তে ৮০ মিনিটের মাথায় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যেই দলের হয়ে জয়সূচক গোলটি করেন লিঁও এর এই অ্যাটাকিং মিডফিল্ডার।
২০ গজ দূর থেকে নেয়া তার নেয়া দারুণ বাঁকানো এক ফ্রি কিক থেকে বল জালে আশ্রয় নিলে আনন্দে মাতে ফরাসি শিবির। বাকি সময়টুকু আর কোনো দল গোল করতে না পারলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের দল।
প্রসঙ্গত, গত অক্টোবরে ফ্রান্সের মাঠে ২-১ গোলে হেরে আসে পর্তুগাল। শুক্রবারের ম্যাচ নিয়ে ফরাসিদের বিপক্ষে সর্বশেষ ৬ ম্যাচেই পরাজয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।
