চকরিয়া প্রতিনিধি :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দুই বাসের মুখোমুখী সংঘর্ষে অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর রয়েছে মার্সা পরিবহনের বাস চালক চকরিয়া উপজেলার সিকলঘাট এলাকার সিরাজ আহমদের পুত্র নুর হোসেন (৪৫) ও শারুখ স্পেশাল বাস চালক নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ঘোনাপাড়া এলাকার আবদুর রহমানের পুত্র নুরুল ইসলাম (৪৭)। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ আগস্ট) ব্রেদুপুর দুইটার দিকে মহাসড়কের উপজেলার খুটাখালী গ্রামীন ব্যাংক সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামমুখী মার্সা পরিবহনের একটি বাস (নং চট্টমেট্রো ব-১১-১১৪৭) উল্লেখিত স্থানে একটি অটো রিক্সাকে বাঁচাতে গিয়ে কক্সবাজারগামী শারুখ স্পেশাল সার্ভিস নামে অপর একটি বাসের (নং কক্সবাজার জ-১১-০২৬৮) মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের মধ্যে দুই চালকের পরিচয় মিললেও অন্যান্যদের পরিচয় জানা যায়নি।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো: আলমগীর হোসেন জানান, মহসড়কের খুটাখালীতে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে ফাঁড়িতে জব্ধ রাখা হয়েছে।
