খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবেনা বিএনপি

0

সিটিনিউজ ডেস্ক:: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনও নির্বাচন হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। শনিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলটির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দিয়েছেন তারা। তারা স্পষ্টভাবে বলেছেন, কারাবন্দি খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনও নির্বাচন হবে না।

অ্যাডভোকেট জয়নাল আবদীন বলেন, আর মাত্র দুটি মামলায় জামিন হলেই আমাদের নেত্রী জেল থেকে মুক্তি পাবেন। দলের আইনজীবীরা গ্রেফতারকৃত নেতাদের আইনি লড়াইয়ের মধ্য দিয়ে মুক্ত করবেন বলে তিনি জানান।

শনিবার দুপুর ২ টা থেকে সমাবেশ শুরু হয়। খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিষ্ঠাবাষির্কীর সমাবেশ হচ্ছে।

ভাইস চেয়ারম্যান শাসুজ্জামান দুদু বলেন, সাড়ে চার লক্ষ কোটি টাকা দেশ থেকে নাই হয়ে গেছে। এসব টাকা ফেরত দিতে হবে। বেগম জিয়াকে ছাড়া নির্বাচনে যাবো না।

সমাবেশে নিরপেক্ষ নির্বাচনে এত ভয় কেন তা জানতে চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে প্রশ্ন ছুড়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনও নির্বাচন হবে না। তাকে বাইরে রেখে কোনও নির্বাচন গ্রহণযোগ্যও হবে না।’

সাবেক এই স্পিকার বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশকে সফল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। বাংলার ইতিহাস থেকে জিয়ার ইতিহাস মুছে ফেলা যাবে না।’

তারেক রহমান প্রসঙ্গে জমির উদ্দিন সরকার বলেন, ‘তিনি দেশে ফিরে এলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ জেগে উঠবে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.