এবারের বিপিএল ২০১৯ সালের শুরুতেই

0

স্পোর্টস ডেস্ক:: ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ বছর মাঠে গড়াচ্ছে না। ২০১৯ সালের শুরুতেই বসছে আসরটি। জানুয়ারির ৫ তারিখ থেকে শুরু হয়ে চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে বিপিএলের ‘প্লেয়ার ড্রাফট’ হবে আগামী ২৫ অক্টোবর।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এই সেপ্টেম্বরের মধ্যে দলগুলোকে তাদের খেলোয়াড়দের নাম দিতে হবে। প্লেয়ার ড্রাফটের বাইরে থেকে প্রতিটি দল দুজন করে খেলোয়াড় নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকে কিনতে হবে।’

সাধারণত প্রতিবছর নভেম্বর-ডিসেম্বরেই অনুষ্ঠিত হয়ে থাকে বিপিএল। কিন্তু এ বছর জাতীয় সংসদ নির্বাচনের কারণে সে সময় আসরটি অনুষ্ঠিত হচ্ছে না। এ ব্যাপারে বিসিবির এই পরিচালক বলেন, ‘এ বছর যেহেতু জাতীয় নির্বাচন, আমাদের টুর্নামেন্টের তারিখ পিছিয়ে জানুয়ারিতে নেওয়া হয়েছে।’

বিপিএলের এবারের আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অক্টোবরে। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথা চিন্তা করে সেটা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সে সময় অবশ্য ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.