শিক্ষাঙ্গণ : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির উপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে তিন দিনের কর্মসূচির প্রথম দিন শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা।
রাজধানীর পান্থপথ সিগন্যালে শনিবার সকাল ১১টায় মানববন্ধন করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। দুপুর পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় সেখানে কর্মসূচি চলছে।
এদিকে, বাড্ডা, নতুনবাজার, বনানী ও মহাখালী এলাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ১১টায় বিক্ষোভ শুরু করেছে বলে নো ভ্যাট আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ফারুক আহমেদ জানিয়েছেন।
এছাড়া কলাবাগান ও ধানমন্ডি এলাকায় বেলা ১২টার দিকে কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, সাভারের বাইপাইল এলাকায় সাড়ে ১১টায় বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন বলে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী আসিফ জানিয়েছেন।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে শুক্রবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিনের ধর্মঘট ডাকে।
